সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকার সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি বাসা থেকে পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে ফারহা নাজ ওরফে রূহি (২২) নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ফারহা ওই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি ফেনী সরকারি কলেজের অধ্যাপক ও নোয়াখালীর চরজুহী গ্রামের বাসিন্দা আবদুল কাদেরের মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র শাখাওয়াত হোসেনকে আটক করেছে।সাভার থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মাস তিনেক আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ফারহা ও শাখাওয়াত সাভারের ব্যাংক কলোনি এলাকার ই/২ নম্বর বাসার নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। সোমবার রাতে ফারহা ব্যাংক কলোনির ওই বাসায় যাওয়ার জন্য শাখাওয়াতকে অনুরোধ করেন। শাখাওয়াত অস্বীকৃতি জানালে তাঁর সঙ্গে অভিমান করে ফারহা একাই ওই বাসায় যান। ফারহার অভিমান ভাঙাতে শাখাওয়াত তাঁর মুঠোফোনে বারবার কল করেও কোনো সাড়া পাননি। এ পরিপ্রেক্ষিতে রাত ১২টার দিকে শাখাওয়াতও ওই বাসায় যান। বাসার বাইরে থেকে বহুবার ডাকাডাকি করেও ফারহার কোনো সাড়া না পেয়ে তিনি বিকল্প একটি চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং ফ্যানের সঙ্গে ফারহাকে ঝুলতে দেখেন। শাখাওয়াত বাড়ির মালিকসহ আশপাশের ভাড়াটেদের ঘটনাটি জানান। এলাকাবাসী সাভার থানায় খবর দিলে পুলিশ গতকাল ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওই বাসার মালিক বজলুর রহমান জানান, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ফারহা ও শাখাওয়াত মাস তিনেক আগে তাঁর বাসা ভাড়া নেন। তাঁরা নিয়মিত ভাড়া পরিশোধ করতেন। সোমবার রাতে ফারহা একাই তাঁর স্ত্রী নাজমা বেগমের কাছ থেকে চাবি নিয়ে ঘরে প্রবেশ করেন।ফারহার বাবা আবদুল কাদের অভিযোগ করেন, শাখাওয়াত মাঝেমধ্যে ফারহাকে উত্ত্যক্ত করতেন। শাখাওয়াতকে পাত্তা না দেওয়ায় তিনি পরিকল্পিতভাবে ফারহাকে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশি হেফাজতে থাকা শাখাওয়াত প্রথম আলোকে বলেন, ‘পবিত্র কোরআন ছুঁয়ে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। এই সম্পর্কের সূত্র ধরেই মাস তিনেক আগে আমরা সাভারে বাসা ভাড়া নিই। সোমবার বিকেলে ফারহাকে নিয়ে সাভারে দন্ত্য চিকিৎসকের কাছে যাই। সেখান থেকে উভয়েই রাত আটটার দিকে ক্যাম্পাসে ফিরি। এর পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ফারহা ব্যাংক কলোনির বাসায় চলে যায়।’তবে ফারহার একাধিক সহপাঠী জানান, সোমবার সারা দিন ফারহা তাঁদের সঙ্গে ক্যাম্পাসেই ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে কল পেয়ে তিনি সাভার চলে যান।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘ফারহার সহপাঠীদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা বের করার চেষ্টা করছি।’ফারহার মৃত্যুর ঘটনায় তাঁর বাবা আবদুল কাদের বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে গতকাল থানায় মামলা করেছেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উল্যাহ বলেন, এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত ছাড়া বলা মুশকিল।