সাভারে জোড়া খুন, কেরানীগঞ্জে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকার খসরুবাগে গত শনিবার দিবাগত রাতে দুই যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। তাঁরা হলেন সাভারের পোলট্রি ফিড মার্কেটের নৈশপ্রহরী বুলবুল আহমেদ (২৩) ও রাজাসন মণ্ডলপাড়া এলাকার আলমগীর হোসেন (২৫)। অন্যদিকে গতকাল রোববার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ মুসলিমনগর এলাকা থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভার: সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রতি রাতের মতো শনিবার রাতেও সাভারের পোলট্রি ফিড মার্কেট পাহারায় ছিলেন দেলোয়ার, বুলবুল ও ফরহাদ হোসেন। দেলোয়ার ও বুলবুল ছিলেন মার্কেটের সামনের দিকে আর ফরহাদ ছিলেন পেছনে। রাত তিনটার দিকে আট থেকে ১০ জন সন্ত্রাসী সেখানে গিয়ে দেলোয়ারকে হাত-পা বেঁধে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। এরপর সন্ত্রাসীরা বুলবুলের হাত বেঁধে মার্কেটের পেছনে নিয়ে যায়। গতকাল সকালে ওই মার্কেটের পেছন থেকে বুলবুল ও রাজাসন মণ্ডলপাড়া এলাকার আলমগীরের জবাই করা লাশ উদ্ধার করা হয়। নৈশপ্রহরী ফরহাদ নিখোঁজ রয়েছেন। গতকাল সকালে ঘটনাস্থলে গেলে নৈশপ্রহরী দেলোয়ার প্রথম আলোকে জানান, সকাল সাড়ে ছয়টার দিকে মার্কেটের ব্যবসায়ী ও পথচারীরা এসে তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁরা মার্কেটের পেছনে গিয়ে বুলবুল ও আলমগীরের জবাই করা লাশ দেখতে পান। পরে সাভার থানার পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পোলট্রি ফিড মার্কেটের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদ উদ্দিন বলেন, ‘মার্কেটের ভেতরেই রয়েছে হেরোইন বেচার আস্তানা। আমাদের ধারণা, হেরোইন ব্যবসা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।’ নিহত আলমগীর একজন হেরোইন ব্যবসায়ী বলে তিনি অভিযোগ করেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নৈশপ্রহরী বুলবুলের স্ত্রী রানী বেগম সাভায় থানায় হত্যা মামলা করেছেন। এজাহারে তিনি বলেন, কয়েক দিন আগে একটি মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় তাঁর স্বামীকে সন্দেহ করা হচ্ছিল। এর জের ধরেই তাঁর স্বামীসহ দুজনকে খুন করা হতে পারে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) হারেজ শিকদার জানান, মামলায় খসরুবাগ এলাকার কালাসহ (১৮) অন্তত ১০ জনকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কালা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এসআই জানান, জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, মুঠোফোন ছিনতাইয়ের ঘটনার জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে। তবে ওই এলাকায় হেরোইনের ব্যবসাও চলে। নিহত আলমগীরের লাশ পোলট্রি ফিড মার্কেটের পেছনে কীভাবে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। কেরানীগঞ্জ: দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মুসলিমনগর এলাকার একটি ডোবায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৫) লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট ও লাল রঙের হাফ শার্ট। পরে সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার ২০০ গজের ব্যবধানে মাটিতে পোতা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের আরও একটি লাশ (৩০) উদ্ধার করে পুলিশ। এ যুবকের পরনে ছিল খয়েরি রঙের ফুল প্যান্ট। ময়নাতদন্তের জন্য দুপুরে লাশ দুটি সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, মৃতদেহ দুটির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, একই ঘটনায় দুই যুবককে হত্যা করা হয়েছে। যশোরে যুবকের লাশ উদ্ধার: যশোর অফিস জানায়, শহরের পশ্চিম বারান্দিপাড়ার বাবু শনিবার রাতে পার্শ্ববর্তী মোল্লাপাড়ায় তাঁর বোনের বাড়িতে যান। রাত ১০টার দিকে বন্ধু মহসীন ও শাহিনসহ পাঁচ-ছয়জন যুবক সেখান থেকে বাবুকে ডেকে নেয়। রাত পৌনে ১২টার দিকে শহরের নীলগঞ্জ এলাকায় ভৈরব নদের তীরে রাস্তার পাশে এলাকাবাসী বাবুর লাশ দেখতে পান। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।বাবু (২৮) শহরের নড়াইল বাসস্ট্যান্ডে লাইনম্যানের কাজ করতেন। তাঁর বাড়ি শহরের পশ্চিম বারান্দিপাড়ায়। এ ঘটনায় নিহত বাবুর ভাই শামীম হোসেন মহসীন ও শাহিনসহ পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। ময়মনসিংহে যুবক খুন: পুলিশের বরাত দিয়ে ময়মনসিংহ অফিস জানায়, অচেনা কয়েকজন যুবক শনিবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শহরের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অপু আহম্মেদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন অপুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপু (১৮) শহরের প্রেসক্লাব মার্কেটের একটি দোকানে মুঠোফোন মেরামতের কাজ করতেন। তিনি ত্রিশালের সারদা ঘোষ রোড এলাকার মাছ ব্যবসায়ী আফতাফ উদ্দিনের ছেলে। বন্ধুদের সঙ্গে ঝগড়াঝাঁটির জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।