সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ডের অদূরে রাজালাখ ফার্মের সামনে আজ শুক্রবার দুপুরে ১২টার দিকে ফরিদপুরগামী একটি বাসের চাপায় মোতালেব হোসেন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হন। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে ভাঙচুর করে এবং বাসের চালককে গ্রেপ্তারের দাবিতে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। নিহত মোতালেব সাভারের রোজ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ অবসানের চেষ্টা করে। তবে উত্তেজিত জনতা পুলিশের উপস্থিতিতেই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে বেলা দেড়টায় জনতা অবরোধ তুলে নেয়।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।