সাভারে তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভার ব্যাংক কলোনির একটি বাড়িতে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে বন্য প্রাণী ‘তক্ষক’ উদ্ধার করেছে ঢাকার জেলা গোয়েন্দা শাখা। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আনোয়ারা বেগম (৪০), তাঁর স্বামী রেজাউল করিম, রেজাউল ইসলাম (৪৫), মোস্তাফিজুর রহমান (৪৫), ইমরান হোসেন (৩২) ও বজলুর রহমান (৩৫)। জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সাভারের ব্যাংক কলোনির আনোয়ারা বেগমের বাসায় অভিযান চালিয়ে একটি তক্ষক উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনোয়ারা ও তাঁর স্বামী রেজাউল করিমকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেজাউল ইসলাম, মোস্তাফিজুর, ইমরান ও বজলুর রহমানকে আটক করা হয়। আজ রাজধানীর মিন্টো রোডে মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে আটক ব্যক্তিদের আনা হয়। আটক আনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, তিনি সাভারের একটি দোকান থেকে তক্ষকটি সংগ্রহ করে ২৪ লাখ টাকায় বিক্রি করতে চেয়েছিলেন। প্রতিবেশী মোস্তাফিজুর রহমান এ জন্য দালাল রেজাউল ইসলামকে ডেকে আনেন। রেজাউল জানান, তিনি বেলাল হোসেন নামের এক ব্যক্তির কাছে ২৪ লাখ টাকায় তক্ষক বিক্রির জন্য ঠিক করেছিলেন। টাকা নেওয়ার আগে পুলিশ অভিযান চালালে বেলাল পালিয়ে যান। তিনি বলেন, তক্ষকটি বিক্রি করা গেলে আনোয়ারা ও বেলালের কাছ থেকে ৩০ হাজার টাকা করে পেতেন। ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, একটি চক্র বনজঙ্গল উজাড় করে এসব তক্ষক দেশের বাইরে পাচার করছে। এতে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। এ ব্যাপারে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে সাভার থানায় একটি মামলা হয়েছে। তিনি বলেন, তক্ষক পাচারের সঙ্গে একটি বিশাল চক্র জড়িত। এদের সবাইকে আইনের আওতায় আনা হবে। পাচার করা তক্ষক দিয়ে বিদেশে মূল্যবান ওষুধ তৈরি করা হয়।