সাভারে দুই মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশি বাধার কারণে আজ সোমবার ভোর থেকে বাসসহ সব ধরনের যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। মহাসড়কগুলোর প্রতিটি বাসস্ট্যান্ডে সকাল থেকে বহু যাত্রী যানবাহনের অপেক্ষায় ছিলেন। অফিসগামী যাত্রীদের নিয়ে দুয়েকটি ছোট গাড়ি চলাচল করছে। তবে সে ক্ষেত্রে যাত্রীদের পরিচয়পত্র দেখে গাড়িগুলো চলাচলের অনুমতি দিচ্ছে পুলিশ। ঢাকার নিকটবর্তী আমিনবাজার থেকে পায়ে হেঁটেও কাউকে রাজধানীর ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া, মানিকগঞ্জ, বরঙ্গাইল, ধামরাই, কালামপুর, নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর ও আমিন বাজার এবং ঢাকা-টাঙ্গাইল সড়কের চান্দরা, বাইপাইল ও আশুলিয়ার মরাগাং এলাকায় পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। এদিকে, গতকাল রোববার রাত আটটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।