সাভারে দুজনকে জবাই করে হত্যা
সাভার বাসস্ট্যান্ডের কাছে একটি পোলট্রি ফার্মের নৈশপ্রহরীসহ দুজনকে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ আজ রোববার সকাল সাতটার দিকে তাঁদের লাশ উদ্ধার করে। নিহতদের মধ্যে রয়েছেন সাভার বাসস্ট্যান্ডের কাছেই একটি পোলট্রি ফার্মের নৈশপ্রহরী বুলবুল আহমেদ (২৩)। তাঁর বাড়ি বরিশালে। অপরজন হলেন সাভারের রাজ আসন এলাকার আলমগীর হোসেন (২৫)।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, গতকাল রাতে পোলট্রি ফার্মটিতে নৈশ পাহারার দায়িত্বে ছিলেন বুলবুল আহমেদ, দেলোয়ার হোসেন ও ফরহাদ হোসেন। বুলবুল ও দেলোয়ার ফার্মের সামনের দিকে এবং ফরহাদ হোসেন পেছনের দিকে পাহারা দিচ্ছিলেন। রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে একদল দুর্বৃত্ত দেলোয়ারের হাত-পা বেঁধে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে এবং বুলবুলকে ধরে নিয়ে যায়। সকালে লোকজন এসে দেলোয়ারকে উদ্ধার করে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। অপরদিকে ফরহাদ হোসেন এখনো নিখোঁজ রয়েছেন। ওসি আরও জানান, বুলবুল ও আলমগীর মাদক ব্যবসাকে কেন্দ্র করে খুন হতে পারেন। আলমগীর হেরোইনসেবী এবং হেরোইন ব্যবসায়ী। তাঁদের লাশ সাভারের মাদকসম্রাট নামে পরিচিত মুন্নার বাড়ির কাছ থেকে উদ্ধার করা হয়।