সাভারে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে বাসচাপায় হত্যার অভিযোগ
রাজধানীর অদূরে সাভারে একটি মিনিবাসে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে তাঁকে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত বারোটার দিকে সাভারের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই গৃহবধূর স্বামী দাবি করেছেন।গৃহবধূর স্বামী দাবি করেন, গতকাল রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজার সামনে থেকে আশুলিয়ার জিরানি যাওয়ার উদ্দেশ্যে গ্রামীণ সেবা পরিবহনের একটি মিনিবাসে ওঠেন তাঁরা। কিছুক্ষণ পর সাতজন দুর্বৃত্ত বাসের দরজা বন্ধ করে আলো নিভিয়ে দেয়। দুর্বৃত্তরা তাঁকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। বাসটি সাভারের শিমুলতলী এলাকায় পৌঁছানোর পর আত্মরক্ষার্থে বাসের জানালা দিয়ে তিনি ও তাঁর স্ত্রী লাফিয়ে পড়েন। পরে তাঁর স্ত্রীকে চাপা দিয়ে পালিয়ে যায় মিনিবাসটি।গৃহবধূর স্বামী আরও দাবি করেন, আহত অবস্থায় তিনি তাঁর স্ত্রীকে প্রথমে স্থানীয় সুপার ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় ক্লিনিকটি তাঁর স্ত্রীকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। সেখান থেকে তাঁকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে তারাও চিকিত্সা দিতে অপরাগতা জানায়। পরে ল্যাবজোন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।গৃহবধূর স্বামী জানান, সকালে সাভার থানা পুলিশকে বিষয়টি জানানো হলে তারা লাশ থানায় নিয়ে যায়। এ বিষয়ে সাভার থানার সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যায়। তবে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা জেনেছি। সাভার থানার পুলিশের দুটি দল মাঠে কাজ করছে। বাসটি আটকসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।’