সাভারে নিহত যুবকের পরিচয় মিলেছে
ঢাকার অদূরে সাভারের সলমাসি এলাকা থেকে গতকাল সোমবার রাতে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সুবীর চন্দ্র দাস (২১)। তিনি রাজধানী ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র। এ ঘটনায় সুবীরের বাবা গৌরাঙ্গ চন্দ্র দাস গতকাল রাতে সাভার থানায় মামলা করেন। তিনি সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী। মামলায় পুলিশ সুবীরের তিন সহপাঠীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন লুত্ফা আক্তার (২১), ফয়সল (২১) ও ইউসুফ (২১) এবং লুত্ফার স্বামী শফিক আহমেদ। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, লুত্ফার সঙ্গে সুবীরের প্রণয় ছিল। এ অবস্থায় গত বছরের ১২ ডিসেম্বর শফিককে বিয়ে করেন লুৎফা। বিয়ের পর সুবীরের সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক জানতে পারেন শফিক। এর পরই তিনি সুবীরকে হত্যার পরিকল্পনা করেন। এদিকে আজ দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে অজ্ঞাত আরও এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।