সাভারে পুলিশের লাঠিপেটায় ২০ ছাত্রদল নেতা-কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজার সামনে আজ সোমবার দুপুর ১২টার দিকে ছাত্রদলের নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের নেতা-কর্মীরা বলেছেন, এ সময় পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের ২০ জন নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হলেন—লোকমান শেখ, শাহীন ও আনোয়ার হোসেন। অন্যদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ১৩ আগস্ট ঢাকা জেলা ছাত্রদল কমিটি সাভার থানা, আশুলিয়া থানা, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ও সাভার পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এর প্রতিবাদে ছাত্রদলের চারটি কমিটিই আজ পাল্টা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। পাল্টা কমিটির নেতা-কর্মীরা সাভারবাজার বাসস্ট্যান্ডের সামনে থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলটি বিএনপির সাবেক সাংসদ আলাউদ্দিন বাবুর বাসার সামনে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ প্রথমে তাদের ব্যানার কেড়ে নেয়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা চড়াও হলে পুলিশ তাদের প্রথমে ধাওয়া করে এবং পরে লাঠিপেটা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে। পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের ২০ জন নেতা-কর্মী আহত হয়।সংঘর্ষ চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল আধঘণ্টা বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।