সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সাভার ও ধামরাইয়ে আজ সোমবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানিয়েছেন, আশুলিয়ার নন্দন পার্ক থেকে ঢাকাগামী একটি বাস সোমবার বেলা ১১টার দিকে সাভারের সিএমবি এলাকায় রাস্তার পাশে অপেক্ষমাণ পথচারীদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ফজলুল হক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়। নিহতের বাড়ি রংপুরের মিঠাপুকুরের চরদুর্গাপুর এলাকায়। তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এদিকে আজ বেলা দুইটার দিকে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় মানিকগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী একটি ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অপর তিনজন। নিহতের নাম বাবু (৩৫)। তাঁর বাড়ি মানিকগঞ্জের ঘিওরে। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। তবে আহত ব্যক্তিরা সংজ্ঞাহীন থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি। মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাব পুলিশ হেফাজতে রয়েছে।