সাভারে পোশাক কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানা গতকাল বুধবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে চলতি মাস থেকেই ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ভাঙচুরের অভিযোগে করা মামলায় আরও পাঁচ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ৫০০ শ্রমিককে আসামি করে মামলা হয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধির পাঠানো খবর:মানিকগঞ্জ: আশুলিয়া থানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শ্রমিকদের বিক্ষোভের জের ধরে দ্য রোজ কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়। গত মঙ্গলবার রাতেই কারখানার মূল ফটকে বন্ধের বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়। এদিকে জামগড়া এলাকার গ্রিন লাইফ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা মঙ্গলবার বিক্ষোভ করায় কর্তৃপক্ষ শুধু বুধবারের জন্য ছুটি ঘোষণা করে। গতকাল সকালে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে ছুটির বিজ্ঞপ্তি দেখে ফিরে যান। আশুলিয়ার কাঠগড়া এলাকার ইভার ব্রাইট নামের একটি পোশাক কারখানার শ্রমিক জিল্লুর রহমান গতকাল সকালে বাইসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে কারখানার অদূরে এক পথচারীর সঙ্গে ধাক্কা খান। এতে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করে। তিনি কারখানায় গিয়ে সব খুলে বললে শ্রমিকেরা এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। এর জের ধরে দুপুর ১২টার দিকে কর্তৃপক্ষ কারখানাটি শুধু গতকালের জন্য ছুটি ঘোষণা করেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও দুটি কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আরও পাঁচ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আনিসুর রহমান, শহীদুল ইসলাম ও মিনহাজুল ইসলাম। পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হলো।এদিকে ফতুল্লার শিল্পাঞ্চলের পরিস্থিতি গতকাল শান্ত ছিল। সব কারখানা খুলে দেওয়া হয়েছে। শ্রমিকেরা কাজে যোগ দিতে শুরু করেছেন। শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে। কালিয়াকৈর (গাজীপুর): ন্যূনতম মজুরি তিন হাজার টাকা চলতি মাস থেকে কার্যকরের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় ভাঙচুরের ঘটনায় মামলা করেছেন ডিভাইন টেক্সটাইলের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান। কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানায় ভাঙচুর ও উসকানিমূলক বক্তব্য দিয়ে শ্রমিকদের অশান্ত করার অভিযোগে অজ্ঞাতনামা ৫০০ শ্রমিকের বিরুদ্ধে এ মামলা করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।