সাভারে পোশাক কারখানার মালিকদের লেনদেন বিষয়ে হাইকোর্টের নির্দেশ
সাভারে রানা প্লাজা ও সেখানকার পোশাক কারখানাগুলোর মালিকেরা শ্রমিকদের বেতন দেওয়া ছাড়া যাতে আর কোনো লেনদেন করতে না পারেন, সে জন্য অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের প্রতি অবিলম্বে সার্কুলার জারি করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, শ্রমিকদের বেতন তত্ত্বাবধান করবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সংগঠন (বিজিএমইএ)। একই সঙ্গে সাভারে ভবনধসের ঘটনায় ভূমিকা ব্যাখ্যা করতে ডিআইজি শিল্প পুলিশ, শিল্প ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাভার এলাকার পরিচালক ও প্রধান কারখানা পরিদর্শককে ৩০ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।আজ রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক দুটি রিটের শুনানি নিয়ে এ নির্দেশ দেন। একই সঙ্গে আদালত ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী সাত দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের নির্দেশনা চেয়ে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট একটি রিট করে। অপর রিটটি করেন দুই আইনজীবীসহ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আদালতে প্রথম রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই পান্না ও আবু ওবায়দুর রহমান। অপর রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। আইনজীবী আবু ওবায়দুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ওই ঘটনার ভূমিকা ব্যাখ্যা করতে প্রধান কারখানা পরিদর্শককে ৩০ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে। আইনজীবী হাসান এম এস আজিম বলেন, পোশাক কারখানা স্পেকট্রাম, ফিনিক্স ও তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনার পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, আদালত তা প্রতিবেদন আকারে দাখিল করতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন।