সাভারে পোশাকশ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ
সাভারের কলমা এলাকায় ‘হট ড্রেস লিমিটেড’ নামে একটি সোয়েটার কারখানার কিছু শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে শ্রমিকেরা দাবি করেছেন। কারখানা কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার ও আগামী শনিবার দুই দিনের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করেছে। কাল শুক্রবার কারখানাটিতে সাপ্তাহিক ছুটি থাকবে। পুলিশ জানায়, সোয়েটারপ্রতি মজুরি বৃদ্ধির দাবিতে কারখানার নিটিং সেকশনের শ্রমিকেরা কাজ বন্ধ করে গতকাল বাড়ি চলে যান। আজ সকাল আটটার দিকে বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দিলেও কয়েক শ শ্রমিক কারখানার বাইরে অবস্থান নেন। সকাল সোয়া আটটার দিকে তাঁরা কারখানার ভেতরে সাত তলায় গিয়ে ভাঙচুর করেন। পরে বিভিন্ন তলায় গিয়ে কর্মকর্তাদের খোঁজ করেন ও কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ করার জন্য চাপ দেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে। পৌনে নয়টার দিকে বেশির ভাগ শ্রমিক বাড়ি চলে যান। বাকিরা সংঘবদ্ধ হয়ে কারখানায় ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। বেলা ১১টা পর্যন্ত পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও বিচ্ছিন্ন সংঘর্ষ চলে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কারখানার ম্যানেজার কো-অর্ডিনেশন মিজানুর রহমান খান জানান, অযৌক্তিক দাবিতে কিছু শ্রমিক গত দুই দিন ধরে কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছেন। কারখানার পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হলেও তাঁরা মালিকের সঙ্গে কথা বলার দাবি জানান। আজ ও শনিবার কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার মালিকপক্ষ, বিজিএমইএ কর্তৃপক্ষ ও প্রশাসন শ্রমিকদের সঙ্গে এ ব্যাপারে বৈঠকে বসবে।