সাভারে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
সাভারের পার্বতীপুর এলাকায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ছাত্রীনিবাসের সাততলা থেকে পড়ে আজ সোমবার বিকেলে একজন নির্মাণশ্রমিক নিহত ও আরেকজন আহত হয়েছেন।নিহত নির্মাণশ্রমিকের নামের আবদুস সামাদ (৩৫)। তিনি ফরিদপুরের অধিবাসী বলে জানা যায়। আহত শ্রমিক ফারুক হোসেনের (৩২) বাড়ি কুমিল্লায়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেলের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (জনসংযোগ) জাহিদুর রহমান জানান, আজ ছাত্রীনিবাসের ১০তলার ঢালাইয়ের কাজ চলছিল। বেলা তিনটার দিকে সামাদ ও ফারুক ভাইব্রেটর মেশিন রশি দিয়ে বেঁধে ১০ তলায় নিয়ে যাচ্ছিলেন। সাততলায় ওঠার পর তাঁরা দুজন অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই সামাদের মৃত্যু হয়। আহত ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহেরের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।