সাভারে বার্ড ফ্লু, ১৭০০ মুরগি নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভার উপজেলার দক্ষিণ রাজাসন গ্রামে মমিনুল ইসলাম নামে এক ব্যক্তির পোল্ট্রি খামারের মুরগির মধ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে। রোগাক্রান্ত হওয়ায় খামারটির এক হাজার ৭০০ লেয়ার মুরগি আজ শনিবার মেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জানা যায়, গতকাল ওই খামারে কয়েকটি মুরগি মারা গেলে সাভার উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়কে তা জানানো হয়। প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা খামারটি থেকে মৃত মুরগির নমুনা সংগ্রহ করে ঢাকা কেন্দ্রীয় রোগ নির্ণয় পরীক্ষাগারে (সিডিআইএল) পাঠান। পরীক্ষায় বার্ড ফ্লু নিশ্চিত হওয়ায় প্রাণিসম্পদ বিভাগের মহাপরিচালক ওই খামারের মুরগিগুলো মেরে ফেলার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক আজ সকালে খামারটির এক হাজার ৭০০ মুরগি মেরে মাটিতে পুঁতে ফেলা হয়।সাভার উপজেলার প্রণিসম্পদ কর্মকতা মোহাম্মদ ফরাহাদুল আলম ওই খামারে বার্ড ফ্লু ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।