সাভারে বাস খাদে পড়ে ইডেন কলেজের ছাত্রীসহ নিহত ৪
সাভারে সালেহপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ বুধবার দুপুরে বাস খাদে পড়ে ইডেন কলেজের একজন ছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নিহত ব্যক্তিরা হচ্ছেন, আশুলিয়ার খেজুরটেক এলাকার গার্মেন্টস ব্যবসায়ী নুরুল ইসলাম (২৮), সাভার হেমায়েতপুরের গ্রিল ব্যবসায়ী কাউসার আহমেদ (৩২), আশুলিয়া পলাশবাড়ীর মৃৎশিল্প ব্যবসায়ী শাহীন মিয়া (২৮) ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্রী শাহিনা (২৪)। শাহিনার বাড়ি গোপালগঞ্জের টেকেরহাট উপজেলায়।পুলিশ জানায়, আজ দুপুর পৌনে ১২টার দিকে শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সালেহপুর এলাকায় মহাসড়কে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী খাদে পানিতে পড়ে যায়। বাসটি মানিকগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশগুলো সাভার থানায় নিয়ে গেছে।সাভার থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি র্যাকার দিয়ে তোলা হয়েছে।