সাভারে বাসায় ঢুকে চলচ্চিত্র অভিনেত্রীর মাকে হত্যা
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামরাই গ্রামে সন্ত্রাসীদের হামলায় চলচ্চিত্র অভিনেত্রী সানজিদা ইসলাম ওরফে লতার মা ফেরদৌসী গিয়াস (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় লতাসহ (১৯) আরও দুজন আহত হয়েছেন। তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লতার অবস্থা আশঙ্কাজনক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একদল সন্ত্রাসী গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিনেত্রী লতার বাসায় হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে লতাকে আঘাত করে। এ সময় তাঁর মা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁকেও আঘাত করে। তাঁদের চিৎকার শুনে ওই বাসার ভাড়াটেরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁদেরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় আহত ব্যক্তিদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা লতার মা ফেরদৌসী গিয়াসকে মৃত ঘোষণা করেন। লতা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। ভাড়াটে শাহীনের অবস্থাও আশঙ্কাজনক। এ ব্যাপারে সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, আট বছর আগে সবুজ নামে এক যুবকের সঙ্গে চলচ্চিত্র অভিনেত্রী লতার বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে তিন বছর আগে তাঁদের বিয়ে ভেঙে যায়। এরপর সবুজ নানাভাবে লতার পরিবারকে হয়রানি করতেন। গত বুধবার সবুজ লতাদের বাড়িতে গিয়ে তাঁকে ও তাঁর মাকে মারধর করেন। ওই ঘটনায় লতার মা সাভার থানায় সবুজ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পর পুলিশ পান্না নামে এক সন্ত্রাসীকে আটক করে। বৃহস্পতিবার পান্না জামিনে জেল থেকে ছাড়া পান। ধারণা করা হচ্ছে, এ মামলার জের ধরেই সবুজ ও তাঁর সহযোগীরা লতার বাড়িতে হামলা চালিয়ে মারধর করেছে। এসআই জানান, এ ঘটনায় লতার ভগ্নিপতি গতকাল সাভার থানায় একটি মামলা করেছেন। মামলায় সবুজসহ ১২ জনকে আসামি করা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উল্যাহ সন্ত্রাসীদের হামলায় লতার মায়ের নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করে জানান, লতার সাবেক স্বামী সবুজই তাঁর সহযোগীদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।জানা গেছে, তুমি আমার মনের মানুষ, এ দেশ তোমার আমার, আমার স্বপ্ন আমার সংসারসহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।