সাভারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
সাভারের আশুলিয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে আজ শনিবার বেলা ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশুলিয়া থানা বিএনপির আহ্বায়ক কমিটি আজ আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের কেজুরটেক, রামারবাগ, তুরগাঁও ও মাদারটেক এলাকায় কর্মী সম্মেলন ডাকে। এ নিয়ে আশুলিয়া থানা বিএনপির আহ্বায়ক কমিটির প্রধান মেজর (অব.) মিজানুর রহমানের সমর্থক এবং সাভার বিএনপির সার্বিক দায়িত্বে থাকা সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ওরফে বাবুর সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।কর্মী সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে আজ সকাল ১০টার দিকে সাভারে পর্যটন করপোরেশনের জয় রেস্তোরাঁয় আলোচনায় বসে মিজান গ্রুপের সমর্থকেরা। তারা বেরিয়ে আসার সময় বাবু গ্রুপের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এ সময় মিজান গ্রুপের সমর্থকেরা রেস্তোরাঁয় ঢুকে চেয়ার নিয়ে বাইরে এসে প্রতিপক্ষের দিকে ছুড়ে মারে। উভয়পক্ষের মধ্যে চলে ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষের সময় ১২টি মোটরসাইকেল এবং জয় রেস্তোরাঁর আসবাবপত্র ভাঙচুর করা হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে।