সাভারে বোমা বিস্ফোরণে মা মেয়েসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে বোমা বিস্ফোরণে মা, মেয়েসহ চারজন আহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে সাভারের বিশমাইল জিরাবো সড়কে সেনানিবাসের পাশে এ ঘটনা ঘটে। সেনানিবাসের মর্নিং গ্লোরি স্কুলের পাশে একটি ডেইরি ফার্মের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। আহতেরা হলেন—মঞ্জু রানী শিল, ফাতেমা বেগম ও তাঁর মেয়ে ফেরদৌসী (১০)। বাকি একজনের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানায়, ডেইরি ফার্মের ভেতরে তারা জ্বালানি কাঠ কুড়াতে গিয়েছিল। ওই জায়গায় তারা একটি ব্যাগ পায়। ব্যাগটিতে চারটি বোমা ছিল। ফাতেমা কৌতূহলবশত একটি বোমা বের করে। পরে সে বোমাটিতে দা দিয়ে আঘাত করে। এতে বোমাটি বিস্ফোরিত হয়। স্থানীয় লোকজন বোমা বিস্ফোরণে আহত তিনজনকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করেছে। সেখানকার সার্জারি বিভাগের মেডিকেল অফিসার রাজীব আহমেদ বলেন, তাদের প্রাথমিক চিকিত্সা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়নি।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পুলিশ বোমাগুলো উদ্ধার করে নিয়ে গেছে।