সাভারে ভবনধসকে হত্যাকাণ্ড বললেন ড. কামাল
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।ড. কামাল হোসেন বলেন, ভবনটিতে আগের দিন ফাটল দেখা দিয়েছিল। তার পরও ভবনটি নিরাপদ ঘোষণা করে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। ভবনের বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে সেখানে ঢুকতে বাধ্য করা হয়েছিল। তিনি বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে।’দায়িত্বশীল নাগরিক হিসেবে দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান এই সংবিধানপ্রণেতা। উদ্ধারকাজে ধীরগতি, অপর্যাপ্ত যন্ত্রপাতি ও সরকারের মন্ত্রীদের এলোমেলো বক্তব্যের সমালোচনা করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে, কোনো স্থান ঝুঁকিপূর্ণ জেনেও কাউকে ডেকে নেওয়ার পর যদি মৃত্যু হয়, তাহলে এটা হত্যার শামিল।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।