সাভারে ধসে পড়া রানা প্লাজা ভবনের ধ্বংসস্তূপের পরিমাণ সাড়ে ছয় হাজার টনের মতো। এগুলো সরাতে ১৫ দিন বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে বলে মনে করছেন উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা। আজ সোমবার সকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান। তখন উদ্ধারকাজের দায়িত্বে থাকা সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের কর্মকর্তারা উদ্ধার তত্পরতা সম্পর্কে তাঁকে বিস্তারিত জানান। আজ সকালে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত বুধবার সকালে ভবনধসের পর থেকে আজ বিকেল পাঁচটা পর্যন্ত মৃতের সংখ্যা ৩৮২ জনে পৌঁছেছে।সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মাসুদ বেলা ১১টার দিকে প্রথম আলো ডটকমকে বলেন, এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১২ টন করে ওজনের পাঁচটি স্ল্যাব, তিন থেকে পাঁচ টন ওজনের ছয়টি স্ল্যাব সরানো হয়েছে। ধসে পড়া ভবনটির পেছনের দিক দিয়ে উদ্ধারকাজ চলছে। সামনের দিকে বিদ্যুতের লাইন থাকায় আস্তে আস্তে কাজ করা হবে বলে তিনি জানান।এখানকার উদ্ধারকাজের সমন্বয় করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফ থেকে গতকাল জানানো হয়, ভারী যন্ত্র ব্যবহার করে দ্বিতীয় পর্যায়ের উদ্ধারকাজ শুরু করা হবে। সে অনুযায়ী গতকাল রাত থেকে এ ধরনের উদ্ধার তত্পরতা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে নয় তলাবিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এ পর্যন্ত ৩৮২ জনের লাশ উদ্ধার করা হয়।ভবনটির মালিক সোহেল রানাকে গতকাল বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দুর্ঘটনার পর তাঁর বিরুদ্ধে দুটি মামলা করা হয়।ঢাকা-আরিচা মহাসড়কের একাংশ খুলবে কালসেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সকালে যখন দুর্ঘটনাস্থলে যান, তখন সেখানে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। সেখানে ঢাকা-আরিচা মহাসড়ক খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হলে আগামীকাল মঙ্গলবার থেকে মহাসড়কের পশ্চিম অংশ খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে দুর্ঘটনাস্থলের আশপাশের বিপণিকেন্দ্রগুলো আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।