সাভারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
সাভারের ছোট বলিমেহের এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোন্নাফ ওরফে মুন্না (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, মোন্নাফ একজন মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সাভারের ছোট বলিমেহের, মজিদপুর ও ইমানদিপুর এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন।নিহত মোন্নাফের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শাহরাইল এলাকায়। তাঁর বিরুদ্ধে সাভার থানায় একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মেজবাহ উদ্দিন জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মোন্নাফ রিকশাভ্যানে করে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন। ছোট বলিমেহের এলাকায় র্যাব তল্লাশির জন্য তাঁকে থামতে বললে মোন্নাফ র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় র্যাবের সদস্যরা পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে মোন্নাফ ঘটনাস্থলে নিহত হন। ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ফেনসিডিল ও গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমান জানান, র্যাব তাঁদের কাছে লাশ হস্তান্তর করেছে। মামলার প্রস্তুতি চলছে।