সাভারে শ্রমিক অসন্তোষ, ভাঙচুর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার অদূরে সাভারের পোশাক কারখানাগুলোতে আজ সোমবার সকাল থেকে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ধসে পড়া রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানার ফাঁসি ও স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদকে গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে ফুঁসে ওঠেন শ্রমিকেরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের উলাইল এলাকায় দুপুর ১২টার দিকে সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহর কর্ণপাড়া থ্রেড অ্যান্ড ইয়াং ডায়িংয়ের কারখানায় ভাঙচুর চালান বিক্ষুব্ধ শ্রমিকেরা। এরপর আশপাশের কয়েকটি এলাকার কারখানায়ও তাঁরা ভাঙচুর চালান। তাঁদের প্রধান দাবি, সাংসদ তৌহিদ জং মুরাদকে গ্রেপ্তার ও রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানার ফাঁসি। এদিকে গতকাল রোববার আশুলিয়ার শিমুলতলা এলাকার হাজি ইদ্রিস উদ্দিন ভবনে ফাটল দেখা দিলে ধসে পড়ার আতঙ্কে ওই ভবনে থাকা টুপি তৈরির একটি কারখানার শ্রমিকেরা বের হয়ে আসেন। আজ সকাল আটটার দিকে তাঁরা কর্মস্থলে গিয়ে কারখানা বন্ধ রাখার দাবি জানান। তবে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি না মেনে ভেতরে ঢোকার নির্দেশ দিলে তাঁরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন। এরপর তাঁরা ওই এলাকার বিভিন্ন কারখানায় গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন।এ পরিস্থিতিতে আশুলিয়ার প্রায় ২০০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এরপর হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা অবিলম্বে তৌহিদ জং মুরাদের গ্রেপ্তার ও সোহেল রানার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় ওই এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা অ্যাম্বুলেন্সসহ অন্তত ২০০টি যানবাহন ভাঙচুর করেন। এ কারণে সকাল সাড়ে আটটা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর-কালিয়াকৈর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ অবস্থা চলছিল। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম শ্রমিক অসন্তোষের বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন।