সাভারে শ্রমিক অসন্তোষে সোয়েটার কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে এলিকন সোয়েটার বিডি লিমিটেডের কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শনিবার পারিশ্রমিক বাড়ানোর দাবিতে শ্রমিকেরা কর্মকর্তাদের মারধর, বিক্ষোভ, সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালালে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, এলিকন সোয়েটারের শ্রমিকেরা আজ সকাল ছয়টায় সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার বিভিন্ন পর্যায়ের চার-পাঁচজন কর্মকর্তাকে মারধর করেন। খবর পেয়ে আশুলিয়া থানা ও আশুলিয়া জোনের শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে। এতে শ্রমিকেরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে একযোগে বের হয়ে ডিইপিজেডের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নেন। তাঁরা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাখানেক পাল্টাপাল্টি ধাওয়ার পর লাঠিপেটা ও ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিল্প পুলিশের পরিদর্শক মোখলেছুর রহমান জানান, আহত দুই কর্মকর্তাকে ঢাকা মেডিকেলে ভর্তি এবং কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।