সাভারে শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারি এলাকায় ভারটেক্স গ্রুপের ড্রেস ওয়ার্ল্ড নামে একটি পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানাটিতে ভাঙচুর চালিয়েছেন। পুলিশ শতাধিক শটগানের গুলি, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ঘণ্টারও বেশি সংঘর্ষ চলাকালে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ভাঙচুরের কারণে কারখানাটিতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। ড্রেস ওয়ার্ল্ডের শ্রমিকেরা অভিযোগ করেন, কোয়ালিটি ইন্সপেক্টর হুমায়ুন কবীর সকালে কাজ করার একপর্যায়ে সাড়ে নয়টার দিকে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তিনি ছুটির আবেদন করলে তাঁকে ছুটি না দিয়ে কাজ করতে বলা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে দ্রুত সাভারের হেমায়েতপুরের জামাল ক্লিনিকে নেওয়া হয়। ক্লিনিকে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর খবর সহকর্মীদের না জানিয়ে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আবদুর রাজ্জাক বলেন, সকাল আটটার দিকে কর্মস্থলে এসে কারখানার ভেতরে ঢোকার সময়ই হুমায়ুন কবীর অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি কর্মস্থলে যোগ না দিয়ে পাশেই এক আত্মীয়ের বাসায় বিশ্রাম নেন। আরও অসুস্থ বোধ করতে থাকলে বেলা ১১টার দিকে তাঁকে জামাল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সাভার থানার পুলিশ জানায়, দুপুরে হুমায়ুন কবীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার প্রায় তিন হাজার শ্রমিক একযোগে কাজ বন্ধ করে দুপুর পৌনে দুইটার দিকে ভাঙচুর শুরু করেন। তাঁরা কারখানার মেশিনসহ দরজা-জানালা ও কাচ ভেঙে ফেলেন। সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের একপর্যায়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে কারখানার সামনে রাস্তায় নেমে আসেন। পুলিশ রাস্তা থেকেও শ্রমিকদের ছত্রভঙ্গের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের আবারও সংঘর্ষ বেধে যায়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষকালে পুলিশ শতাধিক শটগানের গুলি, অর্ধশতাধিক কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে বিকেল চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শ্রমিক ও পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে গুলি ও লাঠিপেটায় অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আর শ্রমিকদের হামলায় আহত হন আমিনুল ইসলাম নামের সাভার থানার এক কনস্টেবল ও কারখানার চিকিৎসক ইসমত আরাসহ আরও কয়েকজন কর্মকর্তা। মুমূর্ষু অবস্থায় কনস্টেবল আমিনুলকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, ক্লিনিকে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহেল কাফি তাঁকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন কবীরের মৃত্যুর খবর পেয়ে তাঁর আত্মীয়রা ওই ক্লিনিকে ছুটে যান। এরপর কারখানা কর্তৃপক্ষের মধ্যস্থতায় আত্মীয়রা তাঁর লাশ চুয়াডাঙ্গায় গ্রামের বাড়িতে নিয়ে যান।কারখানার মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, হুমায়ুন কবীরের স্বাভাবিক মৃত্যুর ঘটনাটিকে একটি স্বার্থান্বেষী মহল ফুলিয়ে ফাপিয়ে কারখানার শ্রমিকদের জানায়। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাঁরা কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। ভাঙচুরের কারণে ব্যাপক ক্ষতি এবং পরে আরও নাশকতা এড়াতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জামাল ক্লিনিকের মালিক জামাল উদ্দিন বলেন, মৃত অবস্থায়ই কবীরকে তাঁর ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাসহ গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।