সাভারে শ্রমিক পুলিশ ব্যাপক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি গাড়ি ভাঙচুরসহ কারখানার পাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করেন।শ্রমিকদের হামলা ও সংঘর্ষে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ওই কার্যালয়ের কানুনগো, পুলিশ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া মেরাজ হোসেন নামের তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে স্কুলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।সাভার উপজেলা প্রশাসন, পুলিশসহ স্থানীয় লোকজন জানান, তেঁতুলঝোড়া এলাকার ‘হলমার্ক ফ্যাশন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার কর্তৃপক্ষ কারখানাসংলগ্ন হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের ওপর গেট নির্মাণ করায় জনসাধারণের চলাচলে সমস্যা হচ্ছিল।সাভার থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম মোল্লা জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তেঁতুলঝোড়া এলাকায় যান। এ সময় তাঁর সঙ্গে ওই কার্যালয়ের কানুনগো মো. আবদুল বাতেনসহ কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। এরপর পুলিশ বুলডোজার দিয়ে কারখানার গেটটি ভেঙে দেয়। এ সময় কারখানার কয়েক শ শ্রমিক সেখানে হাজির হয়ে মনিরুজ্জামানকে মারধর শুরু করেন। পুলিশ বাধা দিলে শ্রমিকেরা পিছু হটে পুলিশ ও কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সহকারী কমিশনারের মাইক্রোবাসটি ভাঙচুর করেন। এ সময় তিনি গুলি করার নির্দেশ দিলে পুলিশ ৮ থেকে ১০টি ফাঁকা গুলি করে। এ সময় শ্রমিকেরা পিছু হটলে পুলিশ ওই কর্মকর্তাসহ আহত অন্যদের হাসপাতালে নিয়ে যায়।শিল্পাঞ্চল পুলিশের আশুলিয়া জোনের পরিদর্শক আবদুল বাতেন জানান, সংঘর্ষের খবর পেয়ে সকাল ১০টার দিকে তাঁরা ওই কারখানা এলাকায় যান। সেখানে গিয়ে গাড়ি থেকে নামার পরপরই কারখানার কয়েক হাজার শ্রমিক লাঠিসোঁটা ও ইটপাটকেল হাতে তাঁদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ পিছু হটে কারখানার পাশে তেঁতুলঝোড়া কলেজ, তেঁতুলঝোড়া উচ্চবিদ্যালয় ও তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গিয়ে আশ্রয় নেয়। শ্রমিকেরা ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে পুলিশসহ শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালান।প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে সাভার থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে শ্রমিকদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশও তাঁদের নিবৃত্ত করতে লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে পুলিশের তাড়া খেয়ে শ্রমিকেরা কারখানার ভেতর ঢুকে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।শ্রমিকদের হামলা ও ইটপাটকেলের আঘাতে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, কানুনগো মো. আবদুল বাতেন, শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক আবদুল বাতেন, সাভার থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম মোল্লা, তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার, তেঁতুলঝোড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, শিক্ষার্থী রনি, রানা, রবিন, সোহেল, সবুরসহ আরও বেশ কিছু শিক্ষার্থী আহত হয়।অপরদিকে পুলিশের লাঠিপেটায় কারখানার সহকারী উৎপাদন ব্যবস্থাপক উজ্জ্বল, শ্রমিক শহীদুল ইসলাম, শাহীনাসহ আরও বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার জানান, শ্রমিকেরা তাঁদের এক ঘণ্টা অবরুদ্ধ করে রেখে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর ও ভাঙচুর চালান।সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, হলমার্ক ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ সরকারি রাস্তাজুড়ে বিশাল গেট নির্মাণ করায় জনসাধারণের চলাচলে সমস্যা হচ্ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গেট ভেঙে দিলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের লেলিয়ে দেয়।তবে হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) শামীম আল মামুন প্রথম আলোকে বলেন, কারখানার নিরাপত্তার স্বার্থে তাঁরা গেটটি নির্মাণ করেছিলেন। গেটটি ভাঙার সময় শ্রমিকেরা বাধা দিলে পুলিশ তাঁদের মারধর করে। এ কারণেই শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়।সরকারি রাস্তার ওপর গেট নির্মাণ করার অনুমতি আছে কি না, জানতে চাইলে মামুন বলেন, গভীর রাত ছাড়া গেটটি সব সময় খোলা রাখা হয়। এ কারণে কোনো অনুমতি নেওয়া হয়নি।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সরকারি কাজে বাধা দেওয়াসহ সহকারী কমিশনার (ভূমি) এবং অন্য কর্মকর্তাসহ পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে রাতে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কানুনগো আবদুল বাতেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) শামীম আল মামুন, প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. শাহীনসহ এক হাজার অজ্ঞাতনামা শ্রমিককে আসামি করা হয়েছে। তবে রাত ১০টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।