সাভারে শ্রমিক বিক্ষোভে পুলিশের লাঠিপেটা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি, সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ ও পৌরসভার মেয়র রেফাতউল্লাহকে গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার চার ঘণ্টা ধরে বিক্ষোভ ও অবরোধ করেছেন কয়েক হাজার পোশাকশ্রমিক। এ সময় শ্রমিকদের লাঠিপেটা ও ধাওয়া দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ চলে। পরে শ্রমিকেরা আর কারখানায় কাজে ফিরে যাননি। সাভারের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। সাভারের উলাইল, রেডিও কলোনি, বাসস্ট্যান্ড এলাকা, রাজ্জাক প্লাজা ও সাভার বাজার এলাকায় শ্রমিকেরা সকালে কারখানা থেকে বের হয়ে রাস্তায় নামেন। কয়েক হাজার পোশাকশ্রমিক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকেরা কয়েকটি কারখানায় ভাঙচুর চালান। তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।শ্রমিকদের অভিযোগ, সাভারের উলাইল ও রাজ্জাক প্লাজার কাছে শান্তিপূর্ণ বিক্ষোভ করার সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে ও ধাওয়া দেয়। একপর্যায়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।কয়েকজন পোশাকশ্রমিক বলেন, ‘আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি। আমাদের জীবনের কোনো মূল্য নেই।’ রানা প্লাজা ধসের ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা। শ্রমিকেরা মনে করেন, এতে ভবিষ্যতে তাঁদের অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদউদ্দিন জানান, শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁরা বিক্ষুব্ধ। প্রায় পাঁচ থেকে ছয় হাজার শ্রমিক বিক্ষোভ করেছেন বলে তিনি জানান। শ্রমিকদের লাঠিপেটা করার কথা অস্বীকার করে এসআই জানান, শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।