সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ
কারখানা খোলার পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবিতে আশুলিয়ার আউকপাড়ার ডাইনেস্টি গ্রুপের শ্রমিকেরা গতকাল সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এদিকে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এবং বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত পাঁচ শ্রমিক আহত হন।সাভার থানার পুলিশ জানায়, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ডাইনেস্টি গ্রুপের ডাইনেস্টি সোয়েটার, ডাইনেস্টি ফ্যাশনস ও মিলেনিয়াম সোয়েটার কারখানার কয়েক শ শ্রমিক সাভারের সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁরা কারখানা খোলার পাশাপাশি মামলা প্রত্যাহার এবং বেতন-ভাতাসহ হাজিরা বোনাস ও নাশতার টাকা বাড়ানোর দাবি জানান। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ১০টা থেকে যান চলাচল শুরু হয়।এর আগে গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করলে শিল্প পুলিশ তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে সড়ক অবরোধ করেন।শ্রমিকেরা জানান, বিভিন্ন দাবিতে তাঁরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ গত মঙ্গলবার কারখানাটি বন্ধ করে দেয়। এর পর থেকে তাঁরা কারখানা খোলার দাবি জানালেও কর্তৃপক্ষ উল্টো কারখানা ভাঙচুরের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে তাঁদের নানাভাবে হয়রানি করছে। সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা বলেন, শ্রমিকেরা বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।গাজীপুর শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে অনন্ত ক্যাজুয়াল ওয়্যার পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে দেখতে পান, কর্মস্থলে আইনশৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগে ৪৬ জন শ্রমিককে সাময়িকভাবে ছাঁটাই করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টার দিকে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টিসহ তাঁদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি নিয়ে শিল্প পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন আন্দোলনরত শ্রমিকেরা। তাঁদের দাবির ব্যাপারে মালিকপক্ষের কোনো ইতিবাচক আশ্বাস না পেয়ে দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করতে গেলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসের কয়েকটি শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশের লাঠিপেটায় অন্তত পাঁচ শ্রমিক আহত হন। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে গত শনিবার থেকে ওই কারাখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। শ্রমিকদের আন্দোলনের কারণে গত রোববার ওই কারখানা বন্ধ রাখা হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে গতকাল কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।