সাভারে শ্রমিকদের হামলায় পুলিশসহ আহত ৩০
সাভারের তেঁতুলঝরা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকদের দুই দফা হামলায় সহকারী কমিশনার (ভূমি) ও দুজন পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।আহতেরা হলেন সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, পুলিশের উপপরিদর্শক শহীদুল ইসলাম, পুলিশের পরিদর্শক আবদুল বাতেনসহ প্রায় ৩০ জন। আহতদের মধ্যে তেঁতুলঝরা সরকারি প্রাথমিক স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীও রয়েছে। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। সাভারের সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বলেন, ‘হলমার্ক ফ্যাশন লিমিটেড নামে ওই পোশাক কারখানাটির পাশে ৩০ ফুট প্রশস্ত সরকারি রাস্তা রয়েছে। ওই রাস্তার মাঝখানে পোশাক কারখানাটি অবৈধভাবে গেট তৈরি করেছে। বুলডোজার দিয়ে গেট ভাঙা হলে হলমার্কের শ্রমিকেরা আমার ওপর হামলা করে। এতে আমি আহত হই। প্রাণ নিয়ে অফিসে ফিরি।’ প্রত্যক্ষদর্শীরা জানায়, বুলডোজার দিয়ে গেট ভেঙে দেওয়ার পরে শ্রমিকেরা সহকারী কমিশনারের ওপর হামলা করে। শ্রমিকেরা তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় সহকারী কমিশনারের নির্দেশে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে চার-পাঁচটি গুলি ছোড়ে। পরে শ্রমিকেরা পিছু হটে। সহকারী কমিশনারকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এদিকে তেঁতুলঝরা এলাকায় পোশাক কারখানায় গোলমালের খবর পেয়ে আশুলিয়া জোনের শিল্প পুলিশ সেখানে যায়। সেখানে যাওয়ার পরই হাজার হাজার শ্রমিক পুলিশদের ধাওয়া করে। পুলিশও তাদের পাল্টা ধাওয়া করে। সেখানে প্রায় এক ঘণ্টা পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাণ্টি ধাওয়া হয়। শ্রমিকদের ধাওয়ায় পুলিশ পিছু হটে তেঁতুলঝরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেঁতুলঝরা কলেজের বিভিন্ন শ্রেণীকক্ষে আশ্রয় নেয়। এ সময় শ্রমিকেরা লাঠি, ইট নিয়ে স্কুলের ভেতরে গিয়ে হামলা করে।শ্রমিকদের হামলায় ওই স্কুলের প্রধান শিক্ষকসহ ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। আহতদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান ও দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আশুলিয়া জোনের শিল্প পুলিশের পরিদর্শক আবদুল বাতেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে বিনা উসকানিতে শ্রমিকেরা হামলা করে।,তেঁতুলঝরা সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক রহিমা আক্তার বলেন, শ্রমিকদের হামলায় তাঁরা আহত হয়েছেন। হলমার্ক কারখানার গ্রুপের মহাব্যবস্থাপক শামীম আল মামুন বলেন, ‘আমাদের বানানো গেট সরাতে না বলে সহকারী কমিশনার (ভূমি) তা অপসারণ করেন। এ সময় শ্রমিকেরা বাধা দেয়। এরপরে পুলিশ প্রথমে শ্রমিকদের মারধর করে। পরে শ্রমিকেরা হামলা করে।’