সাভারে ভবনধসের ঘটনায় সরকার রাতে লাশ গোপন করে কম দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘অনেকে বলছেন ৯০০ লাশ গায়েব হয়েছে গেছে, অনেকে বলছেন ১৬০০ মানুষ মারা গেছে। কতজন মারা গেছে, তার প্রকৃত হিসাব সরকারকে দিতে হবে।’সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘সাভারে এত মানুষ হত্যা করলেন, অথচ লাশ ফেরত দিচ্ছেন না, আবার লাশ কম দেখাচ্ছেন।’বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বালুর মাঠে এক জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এসব কথা বলেন। মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল এ জনসভার আয়োজন করে। প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া সাভারে চলমান শ্রমিক আন্দোলনের প্রতি সমর্থন জানানো ছাড়াও পদ্মা সেতু, শেয়ারবাজারসহ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন।খালেদা জিয়া বলেন, রানা প্লাজা ধসের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সেনাবাহিনীকে পাঠানো হলে আরও জীবন রক্ষা পেত। কিন্তু সেনাবাহিনী দায়িত্ব পেয়েছে অনেক পরে। সরকার যদি তাত্ক্ষণিক উদ্ধার তত্পরতা শুরু করত, তাহলে আরও প্রাণ বাঁচানো যেত। কিন্তু সরকার সেটাকে গুরুত্ব দেয়নি।ঘটনার পরপর প্রধানমন্ত্রী ঘটনাস্থলে না যাওয়ায় বিরোধীদলীয় নেতা সমালোচনা করে বলেন, জনগণের ভয়ে প্রধানমন্ত্রী সেখানে যেতে পারেননি। সাভারে ভবনধসে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী সেখানে গেছেন।আন্দোলনে সমর্থনসাভারে ভবনধসের ঘটনায় বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘দেশের স্বার্থে আমরা আপনাদের পাশে আছি, থাকব। আন্দোলন করতে হবে, সরকারকেও বিদায় করতে হবে।’জোর করে শ্রমিকদের ভবনে ঢোকানো হয়বিরোধীদলীয় নেতা বলেন, দখল করা জায়গায় রানা প্লাজা নির্মাণ করা হয়েছিল। পাঁচতলার ফাউন্ডেশন থাকলেও নয়তলা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, হরতালের দিন বেতন দেওয়ার কথা বলে শ্রমিকদের ডেকে আনা হয়েছিল। জোর করে শ্রমিকদের ভবনে ঢুকিয়ে গেটে তালাবন্ধ করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।প্রধানমন্ত্রী পার্লামেন্টে মিথ্যা বলেছেনসাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার নাম যুবলীগের স্থানীয় কমিটিতে নেই—সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া এই বক্তব্যের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘সাভারের সাংসদের সঙ্গে সোহেল রানার সখ্যের ছবি আমরা পত্রিকায় দেখেছি। তিনি কোথা থেকে কোন তালিকা এনেছেন? প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে এ নিয়ে মিথ্যা বলেছেন।’ খালেদা জিয়া আরও বলেন, ‘এই সরকার আসার পর শ্রমিকদের জন্য কিছুই করে নাই বরং শ্রমিকেরা চাকরি হারাচ্ছে। এই সরকার আসার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কারখানায় বিদ্যুত্ ও গ্যাস দিতে পারছে না।’ আওয়ামী লীগের চাঁদাবাজির জন্য কেউ ব্যবসা চালাতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।প্রতি জেলায় একজন গডফাদারআওয়ামী লীগকে ‘সন্ত্রাসীদের দল’ আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, ‘প্রতি জেলায় তাদের একজন বা একাধিক গডফাদার আছে। নারায়ণগঞ্জেও একজন গডফাদার আছে। আপনারা সবাই তার নাম জানেন। এখানে ত্বকীকে হত্যা করা হয়েছে। ত্বকীর বাবা এবং এখানকার মেয়র বলেছেন কে ত্বকীকে হত্যা করেছে। তার পরও কিছু হয়নি। শুনেছি, সে বিদেশে চলে গেছে। কিন্তু বিদেশে যায় কীভাবে? সন্ত্রাসী দল দিয়ে দেশে কিছু করা যায় না।’ সরকার-পতনের অন্দোলনে যোগ দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।পদ্মা সেতু দুর্নীতির ২ শতাংশের নাম অনেক ওপরেবিএনপির চেয়ারপারসন বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিচার কানাডার আদালতে শুরু হয়েছে। ১০ শতাংশ ঘুষের দুর্নীতির হিসাব দিয়েছে, আরও ২ শতাংশ কে পেয়েছেন, নাম বলছে না। বুঝতে পারছেন অনেক ওপরের বিধায় নাম চাপা রেখেছে।সরকার মানুষকে খুন, গুম ও সন্ত্রাস উপহার দিয়েছেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বর্তমান সরকার দেশের মানুষকে তিনটি জিনিস উপহার দিয়েছে। তা হলো খুন, গুম ও সন্ত্রাস। এর বাইরে কিছু দিতে পারে নাই।’ বিরোধীদলীয় নেতা বলেন, সরকার ডেসটিনির টাকা, শেয়ার মার্কেটের টাকা, হল-মার্কের টাকা, পদ্মা সেতুর টাকা চুরি করেছে। এই টাকা তারা বিদেশে পাচার করেছে।আসল বক্তব্য ৪ তারিখেখালেদা জিয়া বলেন, ‘আজ অমি বেশি কিছু বলব না। আসল বক্তব্য দেব ৪ তারিখের ঢাকার সমাবেশে।’ তিনি অভিযোগ করে বলেন, সরকার সাভারের রানা প্লাজায় মানুষকে হত্যা করেছে। আহতদের প্রত্যেককে ২০ লাখ টাকা দেওয়ার দাবি জানান তিনি।খালেদা জিয়া বলেন, চাল, ডাল, তেল, লবণসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার গরিবের কথা চিন্তা করে না। কারণ তারা নিজেরা আরামে আছে। তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতেন। আমিও নিজেকে শ্রমিকের স্ত্রী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি।’ শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ও মজুরি দেওয়ার জন্য সরকার ও পোশাক কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।খালেদা জিয়া দাবি করেন, বিএনপির আমলে পোশাক কারখানায় ৫ শতাংশ লভ্যাংশ শ্রমিকদের পাওয়ার সুযোগ করা হয়েছিল। কিন্তু এই সরকার এসে তা বন্ধ করে দিয়েছে। সরকারের দুর্নীতির কারণে দেশে বিনিয়োগের পরিবেশ নেই, তাই বিদেশি বিনিয়োগকারীরা ঘুরে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সরকার প্রশাসন, পুলিশ বাহিনীতে নির্লজ্জভাবে দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলার সভাপতি তৈমুর আলম খন্দকারসহ দলের অঙ্গ ও সগযোগী সংগঠনের নেতারা সমাবেশে বক্তৃতা করেন।