সাভারে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের ছালেপুরে আজ বুধবার যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ইডেন কলেজের ছাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ২৫ জন।সাভারে নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ইডেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্রী শাহীনা শেখ (২৪), আশুলিয়ার খেজুরটেক এলাকার পোশাক ব্যবসায়ী নুরুল ইসলাম (২৮), সাভারের হেমায়েতপুরের গ্রিল ব্যবসায়ী কাওসার আহমেদ (৩২) ও মৃিশল্পজাত পণ্যের ব্যবসায়ী শাহীন মিয়া (২৮)। শাহীনা শেখের কয়েকজন বন্ধু জানান, শাহীনার বাড়ি গোপালগঞ্জের টেকেরহাট এলাকায়। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়ানো শেষে কলেজের হোস্টেলে ফিরছিলেন তিনি।নিহত নুরুলের ভাই সালাউদ্দিন জানান, নুরুল মাত্র ছয় দিন আগে বিয়ে করেছেন। হাতের মেহেদির রং না মুছতেই তাঁকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো।প্রত্যক্ষদর্শী ও সাভার থানা সূত্রে জানা যায়, শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর ১২টার দিকে সাভারের ছালেপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ইডেন কলেজের ছাত্রী শাহীনাসহ চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। পুলিশ চারজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ জানান, আহত ব্যক্তিদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করার পর বিকেলের দিকে আরও দুজনের মৃত্যু হয়। তবে ঝামেলা এড়াতে স্বজনেরা পুলিশকে সঠিক তথ্য না দিয়ে লাশ বাড়ি নিয়ে গেছে। আহত যাত্রী আক্কাস আলী ও প্রত্যক্ষদর্শী মকবুল হোসেন জানান, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিভাজক রয়েছে। দুর্ঘটনাস্থলে সড়ক বিভক্তির ফাঁকা অংশ দিয়ে একটি ট্রাক ডান পাশ থেকে হঠাত্ বাম পাশে ঢুকে পড়ে। এ সময় বাসটি বাম পাশ দিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় ট্রাকটির খুব কাছাকাছি চলে আসে। বাসের চালক দুর্ঘটনা এড়াতে সড়কের পাশ ঘেঁষে চালিয়ে যাওয়ার সময় সামনের চাকা গর্তে পড়ে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়।