সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, সড়ক অবরোধ
সাভারের রেডিও কলোনি এলাকায় আজ শুক্রবার ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি বাস একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার একজন নারী যাত্রী মারা যান এবং রিকশাচালক আহত হন।এ সময় স্থানীয় জনগণ গাড়িটি আটক করে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, আজ সাভারে রাবেয়া ক্লিনিকের সামনে ভিলেজ লাইন পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দিলে একজন নারী যাত্রী নিহত হয়। এতে জনগণ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সাভারের দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় জনগণ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে জনতার কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টার দিকে সড়ক থেকে পুলিশ জনগণকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। তবে এখন সড়কে যানজট রয়েছে।