সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকার অদূরে সাভারে আজ রোববার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।নিহত এক নারীর নাম খুলনা বিবি (৫০)। তাঁর স্বামী ইমান আলী। নিহত অপর নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, আজ দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় ডি লিংক পরিবহনের ঢাকা থেকে ধামরাইগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী ও শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক নারী নিহত হন। গুরুতর আহত নয়জনকে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে তিনজন নারী ও ছয়জন পুরুষ। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ডি লিংক পরিবহনের চারটি বাস ভাঙচুর করে।অপরদিকে আজ সকাল ১০টার দিকে সাভার পৌরসভার বেদেপাড়া এলাকায় পণ্যবাহী একটি ট্রাক উল্টে গেলে খুলনা বিবি নামের এক নারী পথচারী নিহত হন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এবং আশুলিয়া থানার উপপরিদর্শক জাকারিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।