সাভারে সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের পর ৫ বাসে আগুন, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় তানজিন আহসান (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে। ফলে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজ শনিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, আজ বিকেল চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন রেডিও কলোনি উচ্চবিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তানজিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানজিনের মৃত্যু হয়।তানজিনের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে ওই স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অর্ধ শতাধিক গাড়ি ভাঙচুর করে এবং পাঁচটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছে। মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, তানজিন রেডিও কলোনি উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র এবং ওই স্কুলের শিক্ষক নিজাম উদ্দিনের ছেলে।