সাভারে হকার্স লীগের নেতা গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক কাদের মোল্লাকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগের একাংশের শতাধিক নেতা-কর্মী সাভার থানা ঘেরাও করেন। পরে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। জানা যায়, সাভার বাজার বাসস্ট্যান্ডে মহাসড়কের দুই পাশ দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছে বাংলাদেশ হকার্স লীগ এবং আওয়ামী হকার্স লীগ। এ ব্যবসাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেলে কাদের মোল্লার দোকান ভেঙে দেয় প্রতিপক্ষ। এর পরপরই আওয়ামী লীগের একাংশের নেতারা কাদের মোল্লার ঘর মেরামত করে দেন এবং সাভার পৌর হকার্স সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হকার্স লীগের নেতা আতাউর রহমানকে মারধর করেন। এ ঘটনায় আতাউর রহমান আজ কাদের মোল্লাকে আসামি করে একটি মামলা করলে পুলিশ দুপুর দুইটার দিকে কাদের মোল্লাকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে এবং কাদের মোল্লার মুক্তির দাবিতে ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফউদ্দিন খান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলা, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল আওয়াল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মঞ্জুরুল আলমসহ আওয়ামী লীগের একাংশের শতাধিক নেতাকর্মী দুুপর তিনটায় সাভার থানার সামনে গিয়ে বিক্ষোভ ও থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। এ সময় নেতা-কর্মীরা পুলিশকে উদ্দেশ করে গালাগাল করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে বিকেল চারটার দিকে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আশরাফউদ্দিন খানের ছেলে শিহাবসহ চারজনকে আটক করে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।আশরাফউদ্দিন খান বলেন, পুলিশ উদ্দেশ্যমূলকভাবে কাদের মোল্লার বিপক্ষে মামলা নিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গেলে পুলিশ তাঁদের সঙ্গে অসদাচরণ করে এবং তাঁর বাসায় ঢুকে তাঁর ছেলেকে গ্রেপ্তার করে। সাভারের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেছেন, আওয়ামী লীগের একাংশের নেতারা সন্ত্রাসী এবং বহু হত্যা মামলার আসামিদের নিয়ে থানা ঘেরাও করেছে। এসব নেতা সাভারে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।