সাভারে হত্যাচেষ্টার ৪ দিন পর আ.লীগ নেতার স্ত্রীর মৃত্যু
ঢাকার অদূরে সাভারে হত্যাচেষ্টার চার দিন পর সেলিমা খান মজলিস (৬৩) মারা গেছেন। তিনি আওয়ামী লীগের সাবেক সাংসদ শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী। চার দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।সেলিমার ভাগনে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী বলেছেন, মেয়ে পপি, শিল্পী, পপির মেয়ে তিলোত্তমা ও তাঁর স্বামী আবুল কালাম আজাদকে নিয়ে তাঁর মামি সেলিমা খান ওই বাসায় থাকতেন। প্রথমে তাঁকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে তিনি মারা যান। সাভার থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকার দক্ষিণপাড়ায় নিজ বাসভবন থেকে অর্ধেক গলাকাটা অবস্থায় সেলিমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাঁর ছোট ভাই শফিউর রহমান বাদী হয়ে গত বুধবার সাভার থানায় একটি মামলা করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা না হলেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সেলিমা খানের নাতনি তিলোত্তমা খান মজলিসের স্বামী আবুল কালাম আজাদ (৩৩) ও তাঁর খালাতো ভাই সেলিম (২৬), গৃহপরিচারিকা সরজিত্ সরকার (৩২) ও তাঁর স্বামী হরিপদ সরকারকে (৩৮) আটক করে। এঁদের মধ্যে পুলিশ আবুল কালাম আজাদ ও হরিপদ সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, পরিবারের ভেতর থেকেই কেউ সেলিমাকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি চালায়। কারণ, গলাকাটার কাজে ব্যবহূত ছুরিটিও ওই পরিবারের। প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল সাতটার দিকে পরিবারের লোকজন বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে খাটের ওপর অর্ধেক গলাকাটা অবস্থায় সেলিমাকে পড়ে থাকতে দেখেন ।