সাভারে হুজির ২ নেতা গ্রেপ্তার, বিপুল সরঞ্জামসহ ১৬ বোমা উদ্ধার
র্যাবের গোয়েন্দা শাখা হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—হুজির সিলেট শহরের সেক্রেটারি আবদুস সামাদ (৩৯) এবং পাবনা জেলার ঈশ্বরদী থানার সেক্রেটারি আশরাফুল ইসলাম। সাভারের নবীনগর বাসস্ট্যান্ড থেকে গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।আজ বৃহস্পতিবার র্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁদের গ্রেপ্তারের কথা জানানো হয়। এ সময় গ্রেপ্তার হওয়া ওই দুজন উপস্থিত ছিলেন।র্যাব জানায়, এঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়ভাবে তৈরি ১৬টি হাতবোমা, ৪১টি গ্রেনেডের খোলস, ২৪টি ককটেলসহ প্রচুর পরিমাণ বোমা তৈরির বিভিন্ন রাসায়নিক ও বৈদ্যুতিক উপকরণ উদ্ধার করা হয়েছে। আশুলিয়ার এক নম্বর কলমা এলাকার একটি বাসা থেকে এসব উপকরণ উদ্ধার করা হয়। র্যাব জানায়, বাসাটি হুজি সদস্য নাজমুলের।সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল দাবি করেন, সাম্প্রতিক সময়ে ঢাকায় কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। আর এসবের আড়ালে ঢাকা এবং এর আশপাশে হুজি সদস্যরা অবস্থান নিচ্ছে।