সাভারে ২০ দিনের উদ্ধার অভিযান শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া বহুতল ভবন রানা প্লাজায় ধ্বংসস্তূপের উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে টানা ২০ দিন ধরে ভারী যন্ত্র দিয়ে চলা উদ্ধার অভিযান শেষ হলো। কাল মঙ্গলবার ভোর ছয়টার দিকে ধ্বংসস্তূপ এলাকার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে ঢাকা জেলা প্রশাসনের কাছে।আজ সোমবার রাতে উদ্ধার পরিচালনাকারী দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। তবে অভিযান শেষ হওয়ার কথা শুনেই সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে অপেক্ষমাণ স্বজনেরা কান্নাকাটি শুরু করেন। কারণ, এখনো অনেক মানুষ তাঁদের স্বজনের লাশ পাননি। সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন সদর দপ্তরের কর্নেল ইবনে ফজল সায়েখুজ্জামান সাংবাদিকদের বলেন, রোববার বিকেলের পর থেকে জীবিত বা মৃত আর কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের ভেতরে আর কোনো মৃতদেহ নেই। তাই মঙ্গলবার ভোর ছয়টার মধ্যে উদ্ধার অভিযান শেষ করে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।সর্বশেষ লাশ উদ্ধার রোববারধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে সর্বশেষ মৃতদেহটি উদ্ধার করা হয় গতকাল রোববার বিকেল তিনটার দিকে। সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, তাঁর নাম শাহীনূর। পরিচয়পত্র নম্বর-৮৮৫। সঙ্গে একটা মুঠোফোনও ছিল। কিন্তু এর ভেতরে থাকা সিমকার্ডটি অকেজো থাকায় স্বজনদের পরিচয় জানা যায়নি। সর্বশেষ ১৭ দিন পর জীবিত উদ্ধার করা হয় বিস্ময়কন্যা রেশমাকে। রামদা, চাপাতি, ফেনসিডিল উদ্ধার আজ বেলা একটার সময় বেজমেন্টের বর্জ্য অপসারণের সময় সেখান থেকে তিনটি রামদা, চারটি চাপাতি, ১৮ বোতল ফেনসিডিল, ১৫টি বিয়ারের ক্যান, একটি করাত, একটি শিকল উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৪-এর সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর কে এম আরিফুল ইসলাম জানান, বেজমেন্টের ভবনমালিক সোহেল রানার অফিসকক্ষের পাশে একটি ভান্ডারকক্ষ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।মৃতের সংখ্যা ১১২৭ঢাকা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষের তথ্যমতে, ধসে পড়া ভবন থেকে জীবিত ও মৃত অবস্থায় উদ্ধার করা হয় তিন হাজার ৫৫৩ জনকে। এর মধ্যে মৃতদেহ উদ্ধার করা হয় এক হাজার ১১৫টি। জীবিত উদ্ধারের পর হাসপাতালে মারা যান ১২ জন। সব মিলিয়ে রানা প্লাজা ধসে মৃতের সংখ্যা এক হাজার ১২৭।আজ বিকেল পর্যন্ত মাঠ ও হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৭৮১টি মৃতদেহ। ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল থেকে হস্তান্তর করা হয়েছে ৫৩টি মৃতদেহ। হস্তান্তরের অপেক্ষায় মর্গে মৃতদেহ আছে ৫৯টি। আজ অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে কোনো মৃতদেহ ছিল না। নাম-পরিচয়বিহীন ২৩৪টি মৃতদেহ দাফন করা হয় জুরাইন কবরস্থানে।নিয়ন্ত্রণকক্ষে কর্মরত ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার তারিকুল আলম প্রথম আলো ডটকমকে জানান, জুরাইন কবরস্থানে দাফন করা ২৩৪টি মৃতদেহসহ হস্তান্তরের অপেক্ষায় মর্গে থাকা ৫৯টি মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। মর্গে থাকা ৫৯টি মৃতদেহ শনাক্ত করার জন্য আজ স্বজনদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নমুনা সংগ্রহ করা হয়।