সাভারের ঘটনা মানবসৃষ্ট দুর্যোগ: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘সাভারের ভবনধসের ঘটনা মানবসৃষ্ট দুর্যোগ।’ তিনি বলেন, ‘এ ঘটনায় যে উদ্ধারকাজ চলছে, তাতে আমরা সন্তুষ্ট।’আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মন্ত্রী দাবি করেন, সুসমন্বিতভাবে এই উদ্ধারকাজ চলছে। আজ বেলা ১১টা পর্যন্ত ৩২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই হাজার ৪১৩ জনকে। সাধারণ মানুষকে ঘটনাস্থলে ভিড় না করার অনুরোধ জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, বেশি লোক থাকায় সেখানে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান ডিরেক্টরিয়েট) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার জানান, ঘটনাস্থলে যে সময় সশস্ত্র বাহিনীকে নিয়োগ করা হয়েছে, সেই মুহূর্ত থেকেই তারা সর্বাত্মকভাবে কাজ করছে। সেখানে যতটা শক্তি-সমর্থ্য নিয়োগ করা প্রয়োজন, ততটাই নিয়োগ করা হচ্ছে। এতে কোনো গাফিলতি নেই। কারণ, এটা একটা জাতীয় প্রশ্ন ও জাতীয় দুর্যোগ।সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মো. মাসুদ বলেন, যতক্ষণ পর্যন্ত ওখানে একটি প্রাণেরও অস্তিত্ব থাকবে, ততক্ষণ সেখানে উদ্ধার তত্পরতা চলবে।