সাভারের ভবনধসে আ. লীগের হাত আছে: আহমাদ উল্লাহ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের নায়েবে আমির শাহ আহমাদ উল্লাহ আশরাফ বলেছেন, সাভারের ভবনধসের হত্যাকাণ্ডে আওয়ামী লীগের হাত রয়েছে। এ কারণে প্রকৃত অপরাধীরা তাদের সাহায্যে গা ঢাকা দিয়েছে। সারা দেশে শাহবাগি মুশরিক, নাস্তিক ও মুরতাদদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আজ শনিবার বিকেলে রাজধানীর লালবাগের আজাদ বালুর মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আহমাদ উল্লাহ আশরাফ এসব কথা বলেন। আগামী ৫ মে ঢাকা অবরোধ সফল ও সাভারের দুর্ঘটনায় নিহত লোকজনের রুহের মাগফিরাত কামনায় হেফাজতে ইসলাম লালবাগ জোন এ সমাবেশের আয়োজন করে।৬ এপ্রিলে হেফাজতের যে জাগরণ তৈরি হয়েছে, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে অবিলম্বে হেফাজতের ১৩ দফা মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান আহমাদ উল্লাহ আশরাফ।হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ফয়জুল্লাহ বলেন, আগামী ৪ মের আগে হেফাজতের দাবি না মানলে বঙ্গভবন ও গণভবন দখল করে কোরআনকে সংবিধান হিসেবে ঘোষণা করা হবে। কোনো সাংবাদিকদের ওপর হেফাজতের নেতা-কর্মীরা হামলা করেননি দাবি করে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও হেফাজতের উপদেষ্টা আবদুল লতিফ নেজামী বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ব্যক্তি আমাদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে এসব ঘটনা ঘটিয়েছে। মিথ্যায় লাভ হবে না, হেফাজতের কর্মী দ্বারা কেউ লাঞ্ছিত হয়নি।’ মাওলানা আমিনীর ছেলে আবুল হাসানাত আমিনী বলেন, অবিলম্বে সাভার ট্র্যাডেজির মূল হোতা সোহেল রানাকে গ্রেপ্তার করুন। না হলে খেটে খাওয়া শ্রমিকেরা ক্ষেপে গেলে পালানোর পথ পাবেন না।’হেফাজত লালবাগ জোনের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন লালবাগ জোনের হেফাজতের সদস্যসচিব মঞ্জুরুল ইসলাম, মাওলানা জাফরুল্লাহ খান, আবুল কালাম আজাদ, আবুল কাশেম, আবদুল করিম, আবু তাহের জিহাদী প্রমুখ।