সাভারের মামলায় ফাঁকফোকর: মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সাভারে ভবনধসের ঘটনায় ফাঁকফোকর রেখে মামলা হচ্ছে। তিনি ওই ভবনের মালিক সোহেল রানা, তাঁর আশ্রয়দাতা স্থানীয় সাংসদ মুরাদ জংসহ এ ঘটনায় যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানান। আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির এক শোক র্যালিতে এসব কথা বলেন খন্দকার মোশাররফ। সাভারে নিহত লোকজনের স্মরণে ওই শোক র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে ১৮ দলীয় জোটের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। খন্দকার মোশাররফ অভিযোগ করেন, সাভার বিপর্যয়ের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে। এই চেষ্টা করা হলে আগামী দিনে খালেদা জিয়ার নেতৃত্বে এ ঘটনায় দায়ীদের জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বিএনপির নেতা মোশাররফ আরও অভিযোগ করেন, সাভারে ভবনধসের পর সরকারের কোনো কর্মতত্পরতা ছিল না। সরকার যদি প্রথম থেকে বিষয়টি গুরুত্ব নিয়ে দেখত, তাহলে আরও শ্রমিককে রক্ষা করা যেত। তিনি এ বিপর্যয়কে মানবসৃষ্ট উল্লেখ করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে সোহেল রানা এই ভবন নির্মাণ করেন। ভবনটি ঝুঁকিপূর্ণ জানা সত্ত্বেও সেখানে লোকজনকে আসতে বাধ্য করা হয়েছে। তাঁদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে।