সাভারের হেলিকন কারখানা খুলেছে
শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ করে দেওয়া সাভারের হেলিকন সোয়েটার বিডি লিমিটেডের কারখানাটি আজ রোববার খুলে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, গতকাল শনিবার পারিশ্রমিক বাড়ানোর দাবিতে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার এই সোয়েটার কারখানার শ্রমিকেরা কর্মকর্তাদের মারধর, বিক্ষোভ, সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এরপর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে। আজ সকালেই তা খুলে দেওয়া হয়েছে। অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন বলে শিল্পাঞ্চল পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেসুর রহমান প্রথম আলো অনলাইনকে নিশ্চিত করেছেন। এদিকে, বাত্সরিক বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ার কাঠগড়া এলাকার ডেকো গ্রুপের একটি পোশাক কারখানা আজও বন্ধ রয়েছে। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ওই কারখানার শ্রমিকেরা। একই কারণে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার নিউ এজ পোশাক কারখানায় কাজ বন্ধ রয়েছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে গতকাল শনিবার ওই দুটি কারখানার কাজ বন্ধ ঘোষণা করা হয়।