সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হবে: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী রেজাউল করিম বলেছেন, বিচ্ছিন্ন উদ্যোগ না নিয়ে সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি হাতে নিতে হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ শুরু করেছে। কৃষককে ভর্তুকিসেবা পৌঁছে দিতে একটি কার্ড তৈরি করা হয়েছে। সেই কার্ডে ছবিও সংযোজন করা হবে। সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি নিয়ে তিন দিনব্যাপী একটি সিম্পোজিয়ামের উদ্বোধন করতে গিয়ে ভূমিমন্ত্রী আজ মঙ্গলবার এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, কৃষকদের মধ্যে খাসজমি বণ্টন করাসহ কৃষি উপকরণ সহজলভ্য করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি কৃষকের কাছে সেচ সুবিধা পৌঁছে দিতে নদী খননের মহাপরিকল্পনাও নেওয়া হয়েছে। ২০১৫ সালের মধ্যে তা শেষ হবে বলে আশা করা হচ্ছে।জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সিম্পোজিয়ামে বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, খাসজমি কৃষকদের মধ্যে বণ্টনের জন্য একটি ভূমি কমিশন গঠন করতে হবে। জমিতে বর্গাচাষিদের অধিকারও নিশ্চিত করতে হবে।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাংসদ হাসানুল হক বলেন, আগামী বাজেটের আগে কৃষিশ্রম আইন তৈরি করতে হবে। চাল, ডাল, তেল ও কেরোসিন—এ চারটি পণ্যকে জাতীয় পণ্য হিসেবে ঘোষণা দিয়ে এর দাম স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।তিন দিনব্যাপী এ সিম্পোজিয়ামে ১৬টি সেশনে ১৫০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।