সামনে অনেক চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো বিজয়ের হাসি বারাক ওবামার মুখে। ভালোয় ভালোয় নির্বাচনের কঠিন বৈতরণী পার হলেও রাষ্ট্রনায়ক হিসেবে এবার তাঁকে অনেক কঠিন বিষয় সামাল দিতে হবে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় দফার পথ মোটেও সহজ হবে না। তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দেশের নাজুক অর্থনীতি সঠিক পথে নিয়ে আসা, ব্যয়ের লাগাম টেনে ধরা, ব্যবসা ও বিনিয়োগবান্ধব মুদ্রানীতি প্রণয়ন করা।এদিকে ওবামার সম্ভাব্য জয়ের খবরে শেয়ারবাজারে পতন দেখা দিয়েছে। উচ্চ আয়ের লোকদের ওপর কর বৃদ্ধির পক্ষে ওবামা। ওবামার জয়ের খবরে এই শ্রেণী এখন রীতিমতো শঙ্কিত। মার্কিন অর্থনীতি ভালোভাবে সামাল দিতে না পারার অভিযোগ রয়েছে ওবামার বিরুদ্ধে। নানা দিক দিয়ে দুর্বল হয়ে পড়া মার্কিন অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠন করা ওবামার জন্য বেশ কঠিন হবে। এর সঙ্গে আছে বেকারত্বের সমস্যা। প্রেসিডেন্টকে লাখ লাখ বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সেটা তিনি কীভাবে করবেন, তা দেখার বিষয়। কেন্দ্রীয় সরকারের ঋণের বোঝা কমানো, কর, স্বাস্থ্যসেবা, জাতীয় ঐক্য সৃষ্টি, মার্কিন জনগণের নিরাপত্তা, মৌলিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ অভ্যন্তরীণ নানা বিষয়ের সুরাহা করতে হবে ওবামাকে।আফগানিস্তানে এক দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালের শেষ নাগাদ সেখান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। সেটি ভালোভাবে করাও ওবামার জন্য একটা চ্যালেঞ্জ হবে। এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান নির্ধারণ, আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক প্রভৃতি বিষয় মোকাবিলায় বেশ বেগ পেতে হবে ওবামাকে।