সামনে আরও অনেক কঠিন পথ: ওবামা (ভিডিও)
‘আমেরিকা, আমি কখনোই বলেনি যে এই যাত্রা সহজ হবে। তাই আমি নতুন কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। সামনে আরও অনেক কঠিন পথ, তবে এটি আমাদের আরও ভালোর দিকে নিয়ে যাবে।’গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লটে শহরে অনুষ্ঠিত ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের শেষ দিনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বারাক ওবামা এসব কথা বলেন। গত মঙ্গলবার এই সম্মেলন শুরু হয়। গতকাল শেষ দিনে আনুষ্ঠানিকভাবে নিজ দল ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন গ্রহণ করেন ওবামা। আগামী ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী মিট রমনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের পর ভোটারদের উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ওবামা। ভাষণে তাঁর লক্ষ্য এবং রিপাবলিকানদের নীতি ও অঙ্গীকারের ব্যবধান তুলে ধরেন তিনি। এ ছাড়া ২০০৮ সালে প্রথম নির্বাচনের সময় দেওয়া ‘থিম অব হোপ’ অঙ্গীকার পুরোপুরি বাস্তবায়নের কথা বলেন। মার্কিন জনগণকে বন্ধুর পথ পেরিয়ে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশার কথা বলেন ওবামা। তিনি বলেন, সামনের কয়েকটি বছরে ওয়াশিংটন গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেবে। দেশের চাকুরির বাজার ও অর্থনীতি, কর ও এর ঘাটতি, শক্তি ও শিক্ষা, যুদ্ধ ও শান্তির মতো বিষয়ে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত আগামী কয়েক দশকে আমাদের নিজেদের এবং আমাদের সন্তানদের জীবনে বড় ধরনের প্রভাব ফেলবে। একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ওবামাকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবল আপনাদেরই ক্ষমতা আছে আমাকে সামনে এগিয়ে নেওয়ার। প্রথম যেদিন এই সম্মেলনে আমি ভাষণ দিয়েছি, সেই সময় থেকে আজকের সময়টিতে যেমন পরিবর্তন এসেছে, তেমনি আমার মধ্যেও পরিবর্তন এসেছে। আমি এখন কেবল একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী নই। আমি একজন প্রেসিডেন্ট।’এ ছাড়া যুক্তরাষ্ট্রে বিরাজমান সংকটের কথাও অকপটে স্বীকার করেন ওবামা। সমস্যার স্বল্পমেয়াদি সমাধানের পরিবর্তে জনগণকে দীর্ঘমেয়াদি উন্নয়ন অগ্রযাত্রার কথা বলেন তিনি। ওবামা বলেন, ‘বিদ্যমান সমস্যা দ্রুত ও সহজ পথে সমাধানের কথা বলছি না। আপনারা আমাকে সত্য শোনার জন্য নির্বাচিত করেছেন। বাস্তবতা হলো, এক দশকের বেশি সময়ে যে সমস্যার পাহাড় জমেছে, তা মোকাবিলা করতে আমাদের কয়েক বছরের চেয়ে বেশি সময়ের প্রয়োজন।’ এই কঠিন বাস্তবতা পার হয়ে উন্নত ভবিষ্যতে পৌঁছানোর জন্য তিনি দেশবাসীর সমর্থন কামনা করেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির নির্বাচনি প্রচারণার প্রধান বিতর্কের প্রসঙ্গ টেনে আনেন ওবামা। তিনি বলেন, রমনির অর্থনৈতিক কর্মসূচি উচ্চ আয়ের মানুষদের জন্য। তাই মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য ওবামা প্রশাসনের ভবিষ্যত্ কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার হাতে নিয়ে আপনাদের নিজ প্রজন্মের সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তটি নিতে হবে।’এদিকে বারাক ওবামা বক্তব্য রাখার আগেই প্রতিপক্ষ মিট রমনি শিবির থেকে পাল্টা জবাব দেওয়া হয়। রমনির রেকর্ড করা এক বক্তব্যে বলা হয়, প্রেসিডেন্ট ওবামা দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ও ঋণের বোঝা কমাতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ‘এখন প্রতিশ্রুতি পুনরুদ্ধারের সময় নয়। প্রেসিডেন্ট ওবামা আবার প্রতিশ্রুতির কথা শুনাতে চান। আর আমরা পূর্বে ঘোষিত প্রতিশ্রুতির ফলাফল জানতে চাই’। প্রেসিডেন্ট ওবামার বক্তব্যের আগেই ডেমোক্রেটিক দলের পক্ষে আনুষ্ঠানিকভাবে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নাম ঘোষণা করা হয়। এক ভাষণে প্রেসিডেন্ট ওবামার ভূয়সী প্রশংসা করেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা কাটাতে বিশেষ প্যাকেজের ব্যবস্থা ও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার নির্দেশ দেওয়ার মতো সাহসী উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তাঁর সাফল্য ও অবদানের কথা তুলে ধরেন তিনি।এর আগে গত মঙ্গলবার ডেমোক্রেটিক সম্মেলনের উদ্বোধনী দিন ভাষণ দেন বারাক ওবামার স্ত্রী ফার্স্ট লেডি মিশেল ওবামা। ভাষণে ওবামাকে একজন ব্যতিক্রমী প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দেন তিনি। গতকাল বুধবার সম্মেলনের দ্বিতীয় দিন ওবামাকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বলে উল্লেখ করেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।