ব্রাত্যজনের এই কলাম নিয়ে আজ (গতকাল) সকালে মহা সমস্যায় পড়েছি। বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ খেলাটি শুরু হবে চট্টগ্রামে কিছুক্ষণ পর। লেখাটি যখন প্রকাশিত হবে, তখন হল্যান্ডের সঙ্গে এ খেলা নিয়ে কিছু ধারণ করা এ ক্ষুদ্র রচনার জাগতিক সাধ্যের বাইরে। তবু সামান্য খানিকটা খেলার মধ্যে থাকা যাচ্ছে। বাংলাদেশ দলে দুটো পরিবর্তনের খবর এসেছে। এর মধ্যে বহুল আলোচনার কেন্দ্রে থাকা শাহরিয়ার নাফীস এসেছেন রকিবুলের জায়গায়, আর শুভ নাইমের পরিবর্তে। এ দুজনের অন্তর্ভুক্তি দেখে আগের দিন পত্রিকার পাতায় ‘ওকি দাড়িয়াল ভাই’ শিরোনামের ব্যতিক্রমী ক্রিকেট প্রতিবেদনটির কথা মনে পড়ল। দুজনের ছবি ছিল ওই প্রতিবেদনের সঙ্গে। দুজনই পরহেজগার মানুষ। তাঁদের অন্তর্ভুক্তি দলের জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনবে আশা করি। ম্যাচের দিনের সকালটা চমৎকার শুরু হয়েছিল। মুড়মুড়ে দুটো টোস্টের ফাঁকে নিবিড় হলুদ সোনালি ডিম দিয়ে প্রাতরাশ সেরেছি। নিত্যদিনের অভ্যাসে একটি বিদেশি চ্যানেলে বাংলা অনুষ্ঠান দেখেছি। আজ সেখানে অতিথিশিল্পী আমাদের আবৃত্তিকার ডা. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। লিখতে লিখতে শুনছি, ভাস্বর বাবু আবৃত্তি করছেন আমাদের চট্টগ্রামের কবি মাহবুব উল আলম চৌধুরীর সেই বিখ্যাত একুশের প্রথম কবিতা। অমর পঙিক্তমালার শৈল্পিক উচ্চারণে মর্মরিত হলো বাতাস।রসের আস্বাদন বদলে দিল শরীরের জৈব রাসায়নিক ভারসাম্য, যেন তামিম ইকবাল গদ্ধ লোহায় লালিমা রাঙানো এক দীর্ঘ ইনিংস দেখলাম। দাপুটে ও শিল্পিত, যা পুড়িয়ে দেয় প্রতিপক্ষকে, অনুপ্রাণিত করে সহচরদের। মনে মনে ভাবলাম, অনুভূতিটা ‘শুভ ইঙ্গিতময়’। আজ চট্টগ্রামে তামিম ইকবালরা মাহবুব উল আলম চৌধুরীর কবিতার মতো, ভাস্বর বাবুর কণ্ঠের মন্ত্রধ্বনির মতো আমাদের পৌঁছে দেবেন ইন্দ্রিয়াতীত সুখানুভূতির অলৌকিক প্রহরে। কবির মতো তামিম ইকবালও তো চট্টগ্রামেরই ছেলে।হল্যান্ডের সঙ্গে আরেকটি অমর কবিতা লেখুক তাঁর ব্যাট, যার স্মৃতি চেখে এগোবে বাংলাদেশের ক্রিকেট। আজ এক ক্রিকেটকাব্য রচনা করবে বাংলাদেশ দল, যাতে প্রতিষ্ঠিত হবে বিশ্বকাপে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলার দাবি। দাবিটা খুব বড় নয়, গতবার তো দ্বিতীয় রাউন্ডে খেলেছিলাম। হল্যান্ডের সঙ্গে জিতলে সেই কোয়ার্টার ফাইনালের জন্য শুরু হবে আমাদের উপভোগ্য অপেক্ষা। অনিশ্চিত সেই সম্ভাবনার শিহরণ উপভোগ করার জন্য নিশ্চয়ই সবাই মুখিয়ে আছি। আপনি যখন এ লেখা পড়ছেন, তখন আমাদের ছেলেরা অবশ্যই আপনাকে পৌঁছে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সমর্থক গ্যালারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জেতানোর জন্য। অন্যায় হলে বাচালতা ক্ষমা করবেন।