সামনে কঠিন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে দেশে আলোচিত পরিবেশ সমস্যাগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, নদী ও জলাশয়দূষণ ও দখল, বন উজাড়, ধানি জমি নষ্ট করে লোনাপানির চিংড়ি ও তামাক চাষ এবং জাহাজভাঙা শিল্পদূষণ ও শ্রমিক মৃত্যু। দেশে দীর্ঘদিন ধরে আলোচিত অন্যান্য পরিবেশ সমস্যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক নদীর পানি ব্যবস্থাপনা, নদীভাঙন, বিদেশি তেল-গ্যাস কোম্পানির আগ্রাসী ব্যবসা পরিচালনা, জীববৈচিত্র্য ধ্বংস, অপরিকল্পিত নগরায়ণ ইত্যাদি। এসব সমস্যা সমাধানে সরকারের কোনো উদ্যোগই নেই, এ কথা সঠিক না হলেও সরকারের সদিচ্ছা কর্মে পরিণত হয়েছে এমন দৃষ্টান্তও বিরল। ফলে সমস্যাগুলো যেমন দিন দিন আরও গুরুতর হচ্ছে, সরকারের ইচ্ছাশক্তিও তেমনি হয়ে উঠছে প্রশ্নবিদ্ধ।দেশে পরিবেশ আন্দোলনের বয়স প্রায় দুই দশক হলেও পরিবেশ প্রশাসন আরও দুই দশক বেশি পুরোনো। এ দীর্ঘ সময়ে দেশে শিল্পদূষণ রোধে, জলাশয় ভরাট রোধে, অপরিকল্পিত নগরায়ণ রুখতে গড়ে উঠেছে আন্দোলন, প্রণীত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন। দেশে পরিবেশ অপরাধের বিচারে এমনকি পরিবেশ আদালতও প্রতিষ্ঠিত হয়েছে, যা পরিবেশ ব্যবস্থাপনায় সফল বিশ্বের অনেক উন্নত দেশেও নেই। এসব কিছুর কৃতিত্ব কোনো একক সরকারকে দেওয়া না গেলেও আইনগুলো প্রণয়নের সময় বিবেচনা করলে দেখা যায় যে এগুলোর বেশির ভাগই প্রণীত হয়েছে বর্তমান ক্ষমতাসীন দলের শাসনামলে। কিন্তু পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করতে আইন প্রণয়নই যে শেষ কথা নয়, তা দেশের প্রধান পরিবেশ সমস্যাগুলোর বর্তমান অবস্থার আলোকেই স্পষ্ট হয়ে ওঠে। পরিবেশ রক্ষায় আইন ও পদ্ধতির প্রণয়ন সরকারের সদিচ্ছার প্রতিফলন হলেও এগুলোর প্রয়োগহীনতা এতই প্রবল যে আইনগুলো অনেকাংশেই দাঁতহীন ইশতেহারে পরিণত হয়েছে। আইন প্রণয়নে কোনো সরকার অন্য সরকারের চেয়ে বেশি উদ্যোগী হলেও কোটারি স্বার্থের বিরুদ্ধে আইন প্রয়োগে সব সরকারই প্রায় একই রকম উদাসীন। আইন প্রয়োগ না করার সবচেয়ে ভয়াবহ দিকটি হলো, এতে আইন ভঙ্গকারীরা দ্বিগুণ, তিন গুণ উৎসাহে আইন ভাঙতে থাকে আর উন্নয়নের দোহাই দিয়ে প্রশাসনকে জিম্মি আর জনস্বার্থকে পদদলিত করে। দেশে এখন পরিবেশ প্রশাসনে তেমনই একটি অবস্থা বিরাজ করছে। কোটারি স্বার্থের বিরুদ্ধে পরিবেশ আন্দোলন জোরদার হলেও প্রশাসনকে এখনো যে জিম্মিদশা থেকে পুরোপুরি মুক্ত করা যায়নি, তা খুব একটা অস্পষ্ট নয়। এ দেশে জলাশয় রক্ষায় আইন প্রণীত হয়েছে ২০০০ সালে, অর্থাৎ বর্তমান ক্ষমতাসীন দলের বিগত শাসনামলে। জলাশয় রক্ষায় সরকারের সদিচ্ছা না থাকলে এমন আইন প্রণীত হওয়ার কথা নয়। কিন্তু কোথায় যেন সরকারের ইচ্ছাশক্তিতে ঘাটতি রয়ে গেছে। যদি তা-ই না হতো, তাহলে অনুমোদনহীন জলাশয় ভরাট দিব্য সত্য হলেও দীর্ঘ ১০ বছরে এ আইনের অধীনে কোনো জলাশয় ভরাটকারীর শাস্তি হয়নি কেন? সরকারের কর্তাব্যক্তিরা বিভিন্ন সময়ে, ‘কাউকে ছাড় দেওয়া হবে না’-জাতীয় হুংকার দিলেও ‘সব জলাশয় ভরাটকারীকেই আইনের আওতায় আনা হয়েছে’ বা ‘শাস্তি দেওয়া হয়েছে’ এমন কোনো তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারেননি, বরং জলাশয় ভরাটকারীরা যে কত শক্তিশালী, তা এমনকি মহান সংসদেও আলোচিত হয়েছে! কাজেই তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের ইচ্ছা থাকলেও উপায় নেই! যেকোনো সভ্য ও উন্নয়নকামী দেশে আইনের শক্তি অপশক্তির ঊর্ধ্বে হলেও এ দেশ যে তার ব্যতিক্রম, গুটিকতক ব্যবসায়ীর অশুভ ‘শক্তি’র কাছে সরকারের ইচ্ছাশক্তির আত্মসমর্পণ দেখে তা-ই যেন স্পষ্ট হয়ে ওঠে।পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের সদিচ্ছার একটি প্রমাণ হলো বিশদ নগর পরিকল্পনা বা বহুল আলোচিত ড্যাপের অনুমোদন, যার কৃতিত্ব অবশ্যই প্রধানমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রাপ্য। ঢাকা মহানগরের জলাশয় রক্ষায় ও নগরের পরিকল্পিত বেড়ে ওঠা নিশ্চিত করতে অত্যন্ত জরুরি এ পরিকল্পনা সরকার অনুমোদন দিয়েছে আবাসন ব্যবসার সঙ্গে জড়িত প্রবল প্রতাপশালী আবাসন শিল্প মালিকদের প্রচণ্ড আপত্তির মুখে। এ অনুমোদন দিতে সরকারকে যে কতটা বেগ পেতে হয়েছে এবং কতিপয় ব্যবসায়ীর অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের মুখোমুখি হতে হয়েছে, তার সাক্ষী দেশবাসী। ড্যাপের অনুমোদন দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সাধারণ মানুষকে সাহস জোগালেও চূড়ান্ত অনুমোদনের মাত্র ১০ দিনের মাথায়ই ড্যাপ রিভিউ করার ঘোষণা দিয়েছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে নগর উন্নয়ন থেমে যাবে এবং নির্বাচনে ভোট কমে যাবে—কতিপয় ব্যবসায়ী ও আইনপ্রণেতার এমন ভবিষ্যদ্বাণীতে উদ্বিগ্ন সরকার ড্যাপ বাস্তবায়ন না করে বরং রিভিউয়ের উদ্যোগ নিয়েছে। আবাসন শিল্প মালিকেরা প্রমাণ করেছেন জনসাধারণের জন্য পরিকল্পনা নয়, পরিকল্পনা হতে হবে তাঁদের জন্য! জলাশয় রক্ষায় সরকারের ইচ্ছাশক্তির এমন দোদুল্যমানতায় থামানো গেল না জলাশয় ভরাট বরং মহানগর ছাড়িয়ে এখন তা দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হচ্ছে। শিল্পপতিদের জলাশয় ভরাটের বিষয়ে নিশ্চুপ থাকলে যদি নির্বাচনে জয়লাভ করা যেত, তবে বিগত নির্বাচনের ফল নিশ্চয়ই ভিন্ন হতো। সরকারের ইচ্ছা আর বাস্তবতার মধ্যে বৈসাদৃশ্যের আরেকটি জ্বলন্ত প্রমাণ হলো এ দেশের নদীগুলোর বেহাল অবস্থা। দখল ও দূষণ থেকে নদী রক্ষায় সরকারের প্রতিশ্রুতির এবং দেশবাসীর প্রত্যাশার কোনো কমতি না থাকলেও এ দেশের নদীগুলো হয়তো বিশ্বের সবচেয়ে দূষিত নদীগুলোর মধ্যে অন্যতম। দিন যত যাচ্ছে, নদীগুলোর দূষণের মাত্রা ততই বাড়ছে আর প্রকট হয়ে উঠছে শিল্পদূষণ রোধে প্রণীত কঠোর আইনগুলোর অসহায়ত্ব। ‘প্রকৃতি বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না’ সর্বোচ্চ পর্যায় থেকে বেশ কয়েকবার এমন ইচ্ছা ব্যক্ত করা হলেও ‘উন্নয়ন’-এর স্বার্থে দীর্ঘ ৪০ বছর ট্যানারিসহ অন্যান্য শিল্পের মালিকেরা আইনের প্রয়োগ থেকে অলিখিত অব্যাহতি পেয়েছেন। বিপরীতে জনগণ পেয়েছে নদী দূষণমুক্ত করার এক হাজার ২০০ কোটি টাকা প্রকল্পের ব্যয় সংকুলানের দায়ভার। যে উন্নয়ন আয়ের তুলনায় ব্যয় বাড়িয়ে দেয়, তার বিরুদ্ধে সোচ্চার হলেও সক্রিয় নয় প্রশাসন। উন্নয়নের পূর্বশর্ত যে সভ্যতা, এ দেশে প্রশাসন হয়তো তেমনটি মনে করে না। এ বিষয়ে বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কিছু উদ্ধৃতি প্রণিধানযোগ্য— ‘পৃথিবীর প্রধান ও সুন্দর মহানগরগুলো নদীর পাশে অবস্থিত। যেমন—লন্ডন শহর টেমস নদী, নিউইয়র্ক শহর হাডসন নদী, প্যারিস শহর সিন নদীর পাশে অবস্থিত। দানিয়ুব নদীর পাশে তিন-তিনটি রাজধানী অবস্থিত। ওই নয়নাভিরাম নদীগুলো ও তার স্ফটিকসদৃশ পানি রক্ষণার্থে সেসব দেশের জনগণ ও সরকার সদা সচেষ্ট। ঢাকা মহানগরের চারপাশে একটি নয়, সাতটি নদী অবস্থিত। কয়েক বছর আগেও এগুলো স্রোতস্বিনী প্রবহমান নদীই ছিল। কিন্তু এখন এগুলোকে আর নদী বলা যায় না। ওপরে বর্ণিত টেমস ও অন্য নয়নাভিরাম নদীগুলোর পাশে অবস্থিত দেশ ও জাতিগুলোর সভ্যতার উৎকর্ষতার নিদর্শনও বটে। এর বিপরীতে বুড়িগঙ্গা ও অন্যান্য নদীর আলকাতরাসদৃশ পানি বাংলাদেশ সভ্যতার উদাহরণ।’যা হোক, এমনকি আদালতের কঠোর আদেশও বুড়িগঙ্গা নদীকে দখল আর দূষণমুক্ত করতে সরকারের ইচ্ছায় তেমন শক্তি জোগাতে পারেনি। শিল্পমালিকদের পক্ষে আদালতের আদেশের প্রয়োগ বিলম্বিত করতে সরকার তাই বারবার আবেদন জানিয়ে যাচ্ছে। বুড়িগঙ্গার প্রাণ যায় যাক, হাজারীবাগ ট্যানারির প্রাণ ফিরিয়ে দেওয়াটা বেশি জরুরি! ট্যানারির অগ্রযাত্রায় (নাকি দূষণেই!) নিহিত রয়েছে দেশের উন্নয়ন! যতই ভোগান্তিতে থাকুক না কেন, হাজারীবাগের অধিবাসীরা, তাঁরা তো ‘সাধারণ’ ভোটার। শিল্পপতিদের সঙ্গে তাঁদের তুলনা অসম। জনগণ শক্তির উৎস হলেও ঋণগ্রহীতা শিল্পপতিরাই প্রশাসনের ইচ্ছাশক্তির চালক, জনস্বার্থ ও আইনকে তাঁদের ঊর্ধ্বে স্থান দেওয়া উন্নয়ন-পরিপন্থী!শিল্পমালিকদের ‘ইচ্ছা’, ‘শক্তি’ যে কত শক্তিশালী তা আরেকবার প্রমাণ হলো জাহাজভাঙা শিল্প নিয়ন্ত্রণে সরকারের চরম উদাসীনতা ও প্রবল পক্ষপাতিত্বে। অন্য অনেক ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সরকারের প্রাথমিক সদিচ্ছার প্রমাণ মিললেও এ ক্ষেত্রে সদিচ্ছার সম্পূর্ণ অভাব স্পষ্ট। শত শ্রমিকের প্রাণের বিনিময়ে পরিচালিত জাহাজভাঙা শিল্পের মালিকেরা দেশের লোহার চাহিদার ২৫ ভাগ পূরণ করেন দাবি করলেও পরিবেশ মন্ত্রণালয়ের বিশ্বাস, এ শিল্পের অগ্রগতি ব্যাহত হলে থেমে যাবে দেশের উন্নয়ন! মন্ত্রণালয় আরও বিশ্বাস করে যে প্রাণহন্তারক এ শিল্পের বিকাশ রোধ হলে বা কার্যকর অর্থে নিয়ন্ত্রিত হলে দেশ পরিণত হবে বিদেশি লোহার বাজারে! যেন জাহাজভাঙা কার্যক্রমের মাধ্যমে মন্ত্রণালয় দেশে আকরিক খনির সন্ধান পেয়েছে। মন্ত্রণালয়ের এহেন আবিষ্কারে নিশ্চয়ই উৎফুল্ল জাহাজভাঙা শিল্পের মালিকেরা। আর হবেনই বা না কেন, মন্ত্রণালয় পাশে থাকলে তাঁদের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর আইন করার শক্তি কার আছে? আইন করে তাঁদের উত্থান থামানো যাবে না, জাহাজভাঙা শিল্পের মালিকদের এমন ইচ্ছার কাছে ঘুরপাক খাচ্ছে এমনকি এ শিল্প নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং মহামান্য সুপ্রিম কোর্টের আদেশও। প্রয়োগযোগ্য বিধি নয়, অপ্রয়োগযোগ্য নীতি চাই—জাহাজভাঙা শিল্পের মালিকদের এমন ইচ্ছাই প্রণিধানযোগ্য। তাই বিধি হোক বাম, শিল্পের হোক জয়—এমন ব্রতেই হয়তো প্রণীত হতে চলেছে জাহাজভাঙা বিধিমালা! থাইল্যান্ড, তাইওয়ানে অনেক আগেই জাহাজভাঙা শিল্প বন্ধ করে দিলেও সে দেশগুলোতে উন্নয়ন এতটুকুও থেমে থাকেনি। এ দেশে প্রকৌশলীরা জাহাজভাঙা থেকে প্রাপ্ত লোহা অনেকাংশেই নিম্নমানের এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যবহারের অনুপযোগী মনে করলেও এ লোহা ছাড়া দেশের নির্মাণ খাত অচল হয়ে পড়বে বলে মনে করেন কিছু রাজনৈতিক নেতৃত্ব।এ দেশে এমনকি ঝুঁকিপূর্ণ শিল্প নিয়ন্ত্রণের উদ্যোগও যে ‘দেশদ্রোহিতা’র শামিল, জাহাজভাঙা শিল্পের বিরোধিতা করতে গিয়ে এ সত্য অনুধাবন করেছেন এ দেশের পরিবেশবাদীরা। এ শিল্পের পক্ষে পরিবেশবাদীদের চামড়া তুলে নেওয়া এবং হাড় গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলেও এর বিরুদ্ধে কোনো কথা বলেননি রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু শিল্প রক্ষার কথার কমতি নেই। পরিবেশবাদীদের বিষয়ে প্রশাসনের এমন বৈরী অবস্থান পরিবেশ রক্ষায় সরকারের সার্বিক ইচ্ছার বিশেষত, প্রধানমন্ত্রীর জননন্দিত প্রতিশ্রুতি ও কর্মসূচির সঙ্গে অবশ্যই বিরোধপূর্ণ। পরিবেশবাদীরা উপকূলীয় বন ফেরত পেতে চান, উপকূলের পরিবেশ দূষণমুক্ত রাখতে চান আর শ্রমিকদের প্রাণের নিরাপত্তা চান। তাঁদের এসব চাওয়া কতিপয় শিল্পপতির স্বার্থবিরোধী হলেও কোনো বিবেচনায়ই উন্নয়নবিরোধী নয়। পরিবেশগত ন্যায়বিচার পেতে ইচ্ছুক পরিবেশবাদীরা পরিবেশ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষায় ভিন্নতা পেতে চায়, তাদের এ ইচ্ছা কি অগণতান্ত্রিক? বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে পরিবেশ বিষয়ে কিছু স্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে। নদীভাঙন ও লবণাক্ততা রোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ হলেও এখনো পর্যন্ত এ বিষয়ে সরকারের সুস্পষ্ট দিকনির্দেশনা মেলেনি। চিংড়িচাষিদের লোনাপানির আগ্রাসনে অতিষ্ঠ দক্ষিণাঞ্চলের জনমানুষ আন্দোলনে নামলেও সরকার সচেষ্ট ‘পরিবেশবান্ধব চিংড়িনীতি’ প্রণয়নে। জনগণকে লোনাপানি ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার ইচ্ছায় সরকার দক্ষিণাঞ্চলে বাঁধ নির্মাণ করলেও চিংড়িচাষিদের ইচ্ছা সে বাঁধ কেটে তাঁরা কৃষকের জমিতে জোরপূর্বক লোনাপানি ঢোকাবেন। কী আর করা? শিল্পপতিদের ইচ্ছাই কর্ম। বিভিন্ন পোল্ডারে বাঁধ কেটে কেটে বসানো হলো চিংড়িচাষিদের পানির পাইপ। এর ফলে দুর্বল হয়ে পড়ল বাঁধগুলো আর ভেঙে পড়ল আইলার আঘাতে। এই আঘাতের ক্ষত দীর্ঘ ১৬ মাস ধরে বয়ে চলেছে উপকূলের ৪৮ হাজার পরিবার। গৃহহীন হয়ে তারা আজ বস্তিবাসী। অপরাধ করেও যে শাস্তি হয় না তার উদাহরণ বাঁধ ধ্বংসকারী চিংড়িচাষিরা, আর অপরাধ না করেও যে শাস্তি পেতে হয় তা মেনে নিয়েছে আইলা-উপদ্রুত অসহায় জনগোষ্ঠী। ইচ্ছা থাকলেও পানি উন্নয়ন বোর্ড বাঁধগুলো সময়মতো মেরামত করেনি। আর ইচ্ছা থাকলেও তাদের জবাবদিহির মুখোমুখি করতে পারেননি এ দেশের পরিবেশ ও মানবাধিকারকর্মীরা।দেশে বনের পরিমাণ একসময় মোট ভূমির ১৭ ভাগ থাকলেও কালের বিবর্তনে এবং সরকারের বন উন্নয়নের বহু প্রচেষ্টা ও প্রকল্প সত্ত্বেও এখন তা নেমে এসেছে শতকরা ছয় ভাগে। বন ফিরিয়ে আনতে হলে বন রক্ষায় সরকারের অতীত ও চলমান ‘ইচ্ছা’গুলোকে পুনর্মূল্যায়ন করা সময়ের দাবি। প্রাকৃতিক বন ধ্বংস করে সামাজিক বন করার ইচ্ছা অবশ্যই পরিত্যজ্য। বনের জমি শক্তিধর শিল্পপতি কর্তৃক অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে—বন বিভাগের এমন অসহায়ত্ব রোধে কোনো সরকারই এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। অসহায়ত্বের নানা অজুহাতে প্রাকৃতিক বন রক্ষা না করে বন বিভাগ এখন কৃত্রিম ‘বাগান’ সৃজনে ব্যস্ত। এমন চলতে থাকলে বন বিভাগের নাম পরিবর্তন করে কেন বাগান বিভাগ রাখা হবে না, তা নিয়ে হয়তো অচিরেই রচনা লিখতে হবে। নামের যথার্থতা রক্ষায় বন বিভাগকে তাই ইচ্ছাশক্তি সচল করতে হবে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার ইচ্ছা পরিত্যাগ করে বনবাসীদের বন ব্যবস্থাপনার মূলে প্রতিস্থাপনই কাম্য। বর্তমান সরকারের রাজনৈতিক ইশতেহারে বনবাসীদের ‘জমি, জলাধার এবং বন এলাকায় সনাতনী অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশন গঠন’-এর প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে, তা বাস্তবায়ন করার সদিচ্ছা দেখাতে হবে। যে সরকার চায়, সে সরকার পারে। নেপাল সরকার বন বিভাগকে সরিয়ে বনবাসীকে বন ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে এনেছে। নেপালে হারিয়ে যাওয়া বন ফিরে এসেছে। ভারত সরকার বনবাসীদের আইনি অধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, নতুন আইন করে তা বাস্তবায়ন করেছে। আমাদের সরকারও চাইলে পারবে। তবে সে জন্য পরিবেশ প্রশাসনে প্রয়োজন সৎ, আন্তরিক ও বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব। বর্তমানের প্রত্যয়ী রাজনৈতিক সরকার নিশ্চয়ই সেদিকে দৃষ্টি দেবে। সৈয়দা রিজওয়ানা হাসান: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট ও প্রধান নির্বাহী, বেলা