সামনে চতুর্থ ইনিংসের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে: ৩৭০ ও ৯২/৪বাংলাদেশ ১ম ইনিংস: ২৮৭সাকিব আল হাসান মাঠের বাইরে সতীর্থদের সঙ্গে খুব কথা বলেন বলে অপবাদ নেই। তবে তৃতীয় দিন শেষে হারারে টেস্ট যেখানে দাঁড়িয়ে, তাতে অধিনায়কত্বের সাধারণ রীতি মানলেও এর ব্যতিক্রম হওয়ার কথা। অনুমান করার চেষ্টা করছি, সাকিব কী বলতে পারেন সতীর্থদের?দুই বছর আগের সেন্ট ভিনসেন্ট টেস্ট থেকে অনুপ্রেরণা খুঁজতে বলবেন সবাইকে? এমনিতেই হীনবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজের সঙ্গে এই টেস্টের মিল খুঁজে পাওয়ার কথা। ভুলে গিয়ে থাকলে টেস্টের আগে সাংবাদিকেরা সাকিবকে তা মনে করিয়ে দিয়েছেন। যেটির মূল কথা, বাংলাদেশের জন্য এই টেস্ট ফুটবলের পেনাল্টি মারার মতো। জিতলে তো ‘এ তো জেতারই কথা’, হারলে কেলেঙ্কারি।আরেকটা মিলও যোগ হলো এর সঙ্গে। সেন্ট ভিনসেন্টে ফ্লয়েড রেইফারের ওয়েস্ট ইন্ডিজ, আদতে যেটি ছিল ওয়েস্ট ইন্ডিজ ‘বি’ দল, প্রথম ইনিংসে লিড নিয়েছিল। ৬৯ রানের লিড। হারারেতে ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা জিম্বাবুয়েও প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকল। অঙ্কটা কাছাকাছিই—৮৩ রান। সেন্ট ভিনসেন্টের দ্বিতীয় ইনিংসে তামিমের সেঞ্চুরির কল্যাণে ৩৪৫ রান করে ফিরে এসেছিল বাংলাদেশ। পরে টেস্টও জিতেছিল।পার্থক্য বলতে, সেখানে শেষে ব্যাটিং করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিনারদের বল বলতে গেলে চোখেই দেখেনি। এখানে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের পরীক্ষাটা দিতে হবে বাংলাদেশকে। স্পিন নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই। তবে টার্গেট তাড়া করার চাপ তো থাকবেই।কত হবে সেই টার্গেট? জিম্বাবুয়ের লিড এরই মধ্যে ১৭৫। হাতে উইকেট আছে আরও ছয়টি। যে চারটি উইকেট পড়েছে, তার মধ্যে নাইটওয়াচম্যানও আছেন বলে জিম্বাবুয়ের ব্যাটিংটা অনেক লম্বা। ৭ নম্বরে টাইবু। ৮ নম্বরে চিগুম্বুরা। চতুর্থ দিন সকালে বাংলাদেশের বোলাররা দ্বিতীয় দিনের মতো ফিরে এলেও জয়ের লক্ষ্যটা বেশ স্বাস্থ্যকরই হওয়ার কথা। আর চতুর্থ ইনিংসে আড়াই শ রানও প্রথম ইনিংসে সাড়ে তিন শ করার মতো।বাংলাদেশ অবশ্য প্রথম ইনিংসেও তা করতে পারল না। সাকিবের নকশামতো টেস্ট এগোলে তৃতীয় দিনেই জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে যাওয়ার কথা নয়। বড় দুটি পার্টনারশিপের আশা ছিল। যে আশা পূরণের স্বাভাবিক পরিণতি হতো পুরো দিন ব্যাট করা। অথচ লাঞ্চের পর ঘণ্টা খানেকও স্থায়ী হলো না বাংলাদেশের প্রথম ইনিংস।বড় পার্টনারশিপের সম্ভাবনা দুবার জেগেও তা ৫৬ ও ৫৪ রানের বেশি আকার পায়নি। দুবারই সেটির দায় বাংলাদেশের ব্যাটসম্যানদের। আরও নির্দিষ্ট করে বললে মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের।লেট কাট করে হোক বা স্টিয়ার করে, অফ স্টাম্পের বাইরের বল স্লিপ দিয়ে গলিয়ে দেওয়াটাকে আশরাফুল সম্ভবত ব্যাটসম্যানশিপের একটা পরাকাষ্ঠা বলে মনে করেন। ক্যারিয়ারে অনেকবারই তা করতে গিয়ে আউট হয়েছেন। মূল্যও দিতে হয়েছে কম নয়। অধিনায়কত্ব হারানোতেও এমন একটা লেট কাটের বড় ভূমিকা। আশরাফুলের আরেকটি ইনিংসের অপমৃত্যু একইভাবে। এবার বোধ হয় দুঃখটা আরও বেশি। সেঞ্চুরিটা যে শুধুই তাঁর তুলে নেওয়ার অপেক্ষায় ছিল।সর্বশেষ টেস্ট সেঞ্চুরি সেই ২০০৮ সালের শেষ দিনে। মাঝখানে ৮ টেস্টের ১৬ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি পর্যন্ত নেই। ১৪.৫৬ গড়ে ২৩৩ রান, এক অঙ্কের রান ৭টি। এই সময়টা আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের ‘আশার ফুল’ থেকে হয়ে উঠেছেন আশাভঙ্গের প্রতীক। অনেক ক্রিকেটপ্রেমীর অবসর বিনোদনের প্রিয় মাধ্যম হয়ে উঠেছে আশরাফুলকে শাপশাপান্ত করা। ‘নিজের ঘরে’ও স্বস্তি ছিল না। সিডন্স তাঁর ব্যাটিং নিয়ে ইচ্ছামতো এক্সপেরিমেন্ট করেছেন। ড্রেসিংরুমের পরিবেশও অনেক সময়ই সেখানে তাঁকে ‘অনাহূত’ মনে করিয়েছে। টেস্ট খেলবেন নিশ্চিত জেনে জিম্বাবুয়েতে আসার পরও এই টেস্টে তাঁর খেলা না-খেলা নিয়েও নাকি অনেক নাটক হয়েছে।সেঞ্চুরিটা করতে পারলে সবকিছুরই জবাব দেওয়া হতো। সেটি না পারলেও ১৫৮ বলে ৭৩ রানের এই ইনিংস অন্তত নিজের ওপর বিশ্বাসটা ফিরিয়ে দেবে আশরাফুলকে। দেখার জন্য আশরাফুলের চেয়েও আকর্ষণীয় ছিল সাকিবের ৬৮। কিন্তু উচ্চাভিলাষী শটে উইকেট বিলিয়ে দিয়ে তাতে এক ফোঁটা গোচনা ফেলে দিয়েছেন বাংলাদেশ-অধিনায়ক।এটা তো আর তাঁর ইচ্ছাকৃত নয়। তবে বোলিংয়ে অনাগ্রহটা অবশ্যই তা-ই এবং সেটি রীতিমতো বিস্ময় জাগানোর মতো। জিম্বাবুয়ের প্রথম ইনিংসেও বোলিংয়ে এসেছিলেন রাজ্জাকের পর। দ্বিতীয় ইনিংসে তো মাহমুদউল্লাহকেও আগে বল করালেন। বিশ্বের সেরা বাঁ হাতি স্পিনার হিসেবে ড্যানিয়েল ভেট্টোরির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন যে সাকিব, তিনি কেন স্পিন আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দেবেন না? তবে কি আইপিএল আর কাউন্টির ক্লান্তিই তাঁকে জড়িয়ে রেখেছে এখনো!দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সবচেয়ে দামি উইকেটটি অবশ্য সাকিবই নিয়েছেন, প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাসাকাদজাকে কট অ্যান্ড বোল্ড করে। রাজ্জাকেরও একটি উইকেট। রুবেল ও রবিউলেরও তা-ই। রুবেলই ভেঙেছেন জিম্বাবুয়ের ৬৯ রানের উদ্বোধনী জুটি। তবে সে জন্য তাঁর উচিত নাসিরকে ডিনার করানো। তামিম বাইরে এসেছিলেন বলে বদলি হিসেবে নেমেছিলেন নাসির। মিড উইকেটে দুর্দান্ত এক ডাইভিং ক্যাচ নিয়ে ফিরিয়েছেন সিবান্দাকে।ব্যাটিং-বোলিংয়ের ছায়া থেকে বেরিয়ে ওই ক্যাচটি পুরো দিনেরই উজ্জ্বলতম ক্রিকেট-মুহূর্ত।