সামনে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা
দেশে ১০ হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নিয়োগ পরীক্ষা দেরিতে অনুষ্ঠিত হলে শূন্য পদের সংখ্যাও বাড়তে থাকবে। সে জন্য চাকরিপ্রার্থীদের সামনে এখন সমাজে সম্মানজনক বলে বিবেচিত শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার ভালো সুযোগ তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ইতিমধ্যে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। সংবাদপত্রে গত আগস্ট ছাপা হয়েছে এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি। এতে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলার নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। আর আবেদনপত্র পাঠাতে হবে ডাকযোগে। হাতে হাতে আবেদনপত্র নেওয়া হবে না।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়োগ পরীক্ষা শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই প্রাথমিক শিক্ষক হতে আগ্রহীদের এখন থেকেই ভালো প্রস্তুতি নিতে হবে। কারণ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো এটিও যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পরীক্ষার সম্ভাব্য ধরন বুঝে ভালোমতো প্রস্তুতি নিতে হবে। যোগ্যতা: দেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে পুরুষ ও নারী উভয়ের জন্যই আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ফসিউল্লাহ জানান, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট ইন এডুকেশন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা তো আবেদন করতেই পারবেন। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার যেকোনো একটিতে দ্বিতীয় বিভাগ বা ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে আবেদনকারীর।অন্যদিকে নারী প্রার্থীরা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা ন্যূনতম জিপিএ ২.০০ থাকার পাশাপাশি সরকার কর্তৃক স্বীকৃত কোনো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট ইন এডুকেশন বা সমমানের পরীক্ষায় পাস হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এটি না থাকলে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা ন্যূনতম জিপিএ ২.০০ থাকলে চাকরির আবেদন করা যাবে। আর যদি এখানে দ্বিতীয় বিভাগ বা ন্যূনতম জিপিএ ২.০০ না থাকে, তাহলে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।আবেদনের ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো, ১ জুলাই ২০১১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। শুধু মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের চার হাজার ৯০০ টাকার এবং প্রশিক্ষণবিহীন প্রার্থীদের চার হাজার ৭০০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে।পরীক্ষার পদ্ধতি: মো. ফসিউল্লাহ জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রত্যেক প্রার্থীকে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।এর মধ্যে ৮০ নম্বরের পরীক্ষা হবে নৈর্ব্যক্তিক অর্থাৎ এমসিকিউ, বাকি ২০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য। ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, গণিতে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ করে মোট ৮০টি প্রশ্ন থাকবে। এ জন্য সময় হচ্ছে ৮০ মিনিট। তবে এবারই প্রথম প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটার নিয়ম চালু করা হয়েছে। সে অনুুযায়ী চারটি উত্তর ভুল হলে ১ নম্বর কাটা যাবে। তাই পরীক্ষার হলে আপনি যে প্রশ্নগুলোর উত্তর নিশ্চিতভাবে জানেন, প্রথমে সেগুলোর বৃত্তই ভরাট করবেন। এরপর হাতে সময় থাকলে গভীর চিন্তাভাবনা করে সতর্কতার সঙ্গে বাকি বৃত্তগুলো ভরাট করবেন। সব বিষয়ে সমান গুরুত্ব: এই পরীক্ষায় সব বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। ইতিপূর্বে প্রাথমিক শিক্ষক হয়েছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে প্রার্থীদের প্রস্তুতি ও প্রশ্নের সম্ভাব্য ধরন সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। তা এবারের প্রার্থীদের জন্য তুলে ধরা হলো:বাংলা: বাংলায় ব্যাকরণ ও সাহিত্য অংশ থেকে প্রশ্ন হবে। ব্যাকরণের মধ্যে সন্ধি, কারক, সমাস, এককথায় প্রকাশ, বাক্য, বিপরীতার্থক শব্দ, ভাষারীতি, শব্দের (দেশি-বিদেশি) ওপর প্রশ্ন থাকতে পারে। আর সাহিত্য অংশে বিভিন্ন উক্তি কোন গল্প, কবিতা বা প্রবন্ধ থেকে নেওয়া; সাহিত্যিকের নাম, প্রবন্ধ, গল্প ও কবিতার নাম; কোনটি কার রচিত গ্রন্থ—এসব প্রশ্ন আসতে পারে। বাংলা বিষয়ে ভালো প্রস্তুতির জন্য বাজারে প্রচলিত ভালো ব্যাকরণ ও সাহিত্যের বই পড়া যেতে পারে। তা ছাড়া নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বইও দেখা যেতে পারে।ইংরেজি: ইংরেজিতে মূলত সিনোনিম, ওয়ার্ড মিনিং, ইডিয়ম-ফ্রেজ, ভার্ব, কারেক্ট সেনটেন্স, পার্টস অব স্পিচ, প্রোনাউন, প্রিপজিশনসহ গ্রামার থেকে নানা ধরনের প্রশ্ন হয়ে থাকে। আর সাহিত্য অংশে খুব অল্প আকারে কে কোন যুগের কবি, কে কোন দেশের কবি, কোনটি কোন ধরনের রচনা ইত্যাদি থেকে প্রশ্ন আসে। ইংরেজিতে ভালো করার প্রধান উপায় হলো প্রচুর ইংরেজি শব্দের অর্থ জানা। ভালো প্রস্তুতির জন্য বাজারে প্রচলিত ভালো গ্রামার ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের ইংরেজি সাহিত্য অংশ পড়া যেতে পারে। ইংরেজি পত্রিকা পড়লেও কাজে লাগবে।গণিত: গণিতে একটু বেশি চর্চা করলেই ২০টির মধ্যে সঠিকভাবে ১৮টির উত্তর দেওয়া খুব কঠিন কিছু নয়। বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধারা থেকে দেখা যায়, গণিতের ক্ষেত্রে সাধারণত পাটিগণিতের ঐকিক নিয়ম, সুদকষা, শতকরা ও অনুপাত এবং জ্যামিতি থেকে বৃত্ত, ত্রিভুজ, অতিভুজ, বর্গক্ষেত্র ও বর্গ থেকে অঙ্ক আসে। বীজগণিত থেকেও থাকবে কয়েকটি প্রশ্ন। এ জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং বাজারে প্রচলিত গণিত বইয়ের চর্চা করলেই এ বিষয়ে ভালো করা যেতে পারে। সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞানের মধ্যে যেসব বিষয় থেকে প্রশ্ন আসতে পারে: কোন উক্তিটি কোন বিখ্যাত ব্যক্তির, খেলাধুলা, কোন বিখ্যাত স্থান কোথায় অবস্থিত, কোন দ্বীপ কোথায়, সদর দপ্তর, স্থানীয় শাসনব্যবস্থা, সরকারব্যবস্থা, বিভিন্ন প্রকল্প শুরু, বিভিন্ন চুক্তি, সীমান্ত, সৌরজগৎ ইত্যাদি। অনেক সময় সাধারণ জ্ঞানের মধ্যে সাধারণ বিজ্ঞানের দু-একটি প্রশ্ন থাকতে পারে। তাই সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা নিয়মিত পত্রিকা পাঠ, টিভি সংবাদে চোখ রাখা এবং বাজারে প্রচলিত সাধারণ জ্ঞানের বই পড়তে পারেন। এতে এই পরীক্ষার প্রস্তুতির সঙ্গে সঙ্গে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।পরীক্ষার আগে: পরীক্ষার আগে প্রবেশপত্রের উল্টো দিকে উল্লেখ করা নির্দেশাবলি খুব ভালোভাবে পড়ে নিন এবং নির্দেশমতো পরীক্ষা দিন।উত্তর দেওয়ার সময়: পরীক্ষার উত্তরপত্র হিসেবে দেওয়া ওএমআর ফরমটিতে কোনো রকম বিকৃত বা ভাঁজ করা কিংবা অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। তাহলে তা মূল্যায়নের অযোগ্য হয়ে পড়বে। উত্তরপত্রটি যত্নসহকারে ব্যবহার করুন।কৌশলী হোন: পরীক্ষার হলে উত্তরদানে কৌশলী হতে হবে। পুরো প্রশ্ন পড়ে সঠিক বৃত্ত ভরাট করতে হবে। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। তাই অনুমাননির্ভর না হয়ে নিশ্চিত হয়ে উত্তর করাই শ্রেয়।সর্বশেষ পরীক্ষাটি প্রতিযোগিতামূলক হলেও প্রার্থী যেমন অনেক, তেমনি পদও অনেক। একটু ভালোভাবে প্রস্তুতি নিলে আপনিও দেশের ভবিষ্যৎ নাগরিক তৈরি করার প্রাথমিক স্তরের গুরুদায়িত্ব নেওয়ার সুযোগ পাবেন। একনজরে: বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ২০, সাধারণ জ্ঞান ২০, মৌখিক (বিগত পরীক্ষা তথা এসএসসি, এইচএসসি পরীক্ষার ফল + ব্যক্তিগত + মৌখিক) ২০ = মোট ১০০ নম্বরের পরীক্ষা।আবেদন করার নিয়মকানুনসহ পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন তথ্য পত্রিকার বিজ্ঞাপনের পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dep.gov.bd—এই ঠিকানায় পাওয়া যাবে।