সামনে যখন গেইল-পোলার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস গেইলকে প্রথম বলটা করার সময় কি দুরু দুরু কেঁপে উঠবে শফিউল ইসলামের বুক? কিংবা স্লগ ওভারে যদি রুবেল হোসেন মুখোমুখি হয়ে যান কিরন পোলার্ডের! রামনরেশ সারওয়ান-শিবনারায়ণ চন্দরপলরা থাকলেও বাংলাদেশের বোলারদের জন্য আজ বিভীষিকার নাম হতে পারে ওয়েস্ট ইন্ডিজের ওই দুই ব্যাটসম্যানই।ভারত ম্যাচের প্রথম বলটাই শফিউলকে দিয়েছিল তিক্ত অভিজ্ঞতা। যে বল হতে পারত অন্য যেকোনো ব্যাটসম্যানের জন্যই ভালো বল, বীরেন্দর শেবাগের কাছে সেটাই নস্যি। ভালো বল করেও মার খাওয়ার শিক্ষা সে ম্যাচে ভালোই পেয়েছিলেন শফিউল। ওই অভিজ্ঞতার পর গেইল নামক ব্যাটিং-দানবকে ভয় পাওয়ারই কথা বাংলাদেশের তরুণ পেসারের। অথচ শফিউলের কণ্ঠে আত্মবিশ্বাস, ‘ভয় পাচ্ছি না। আগের ম্যাচ তো দেখলাম...অনেক ডিফেন্সিভ ব্যাটিং করেছে গেইল।’ভয় তো না-ই, আজকের ম্যাচটা শফিউল বরং স্মরণীয় করে রাখতে চান ওয়েস্ট ইন্ডিজ ওপেনার গেইলের উইকেট পেয়েই, ‘অন্য কিছু না, গেইলকে জায়গামতো বল করলেই হবে। সঙ্গে বোলিংয়ে কিছু বৈচিত্র্য লাগবে। আমি চাই এ ম্যাচে গেইলের উইকেট নিতে।’ গেইলকেই যে পাত্তা দিচ্ছেন না, পোলার্ড আর কতটুকুই বা সমীহ দাবি করতে পারেন তাঁর কাছে! পোলার্ড সম্পর্কে শফিউল আলাদা কিছু বলেনওনি, ‘শুধু পোলার্ড না, চন্দরপল-সারওয়ানরাও ভালো ব্যাটসম্যান। সব ব্যাটসম্যানই আমাদের টার্গেট। এক-দুইজনের দিকে বেশি মনোযোগ দিলে আবার অন্যরা রান করে ফেলবে।’আরেক পেসার রুবেল হোসেনও গেইলেই বেশি মনোযোগী, ‘ও একটু মেরে খেলতে চায়। অনেকটা শেবাগের মতো। আমার লক্ষ্য থাকবে গেইলকে উইকেটের সামনে এনে খেলানো, একটু টেনে বল করব ঠিক করেছি।’ গত দুই দিনে ক্যারিবীয় ব্যাটসম্যানদের ভিডিও ফুটেজ নিয়ে কম গবেষণা হয়নি বাংলাদেশ শিবিরে। সেসব দেখে গেইল সম্পর্কে রুবেলের পর্যবেক্ষণ, ‘ও সোজা ব্যাটে খেলতে পছন্দ করে। আমি চেষ্টা করব গুড লেন্থে বল ফেলার। সঙ্গে কিছু বৈচিত্র্য আনতে চাইব।’ নতুন বলে শফিউলের সঙ্গী হবেন কি না, সেটা কাল রাত পর্যন্ত জানতেন না রুবেল। যদি দায়িত্বটা পান, আজ শুরুতেই উপড়ে ফেলতে চাইবেন গেইলের উইকেট, ‘ও ক্রিজে থাকলেই সমস্যা। দ্রুত রান তোলে। টার্গেট থাকবে শুরুতেই তাকে আউট করার।’দ্রুত রান তোলার কাজটা কাইরন পোলার্ডও খারাপ করেন না। হল্যান্ডের বিপক্ষে ২৭ বলে ৬০ রান করে সেটা তিনি প্রমাণ করেছেন। গেইল-পোলার্ডের ব্যাপারে তাই একটা যৌথ সিদ্ধান্ত নিয়ে রেখেছে বাংলাদেশ—দ্রুতই ফিরিয়ে দিতে হবে তাঁদের। সেটা সম্ভব না হলে আটকে রাখতে হবে রানের গতি।অফ স্পিনার নাঈম ইসলাম অবশ্য ঢাকার উইকেটে খুব একটা গনায় ধরছেন না গেইল-পোলার্ডকে, ‘এই কন্ডিশনে মনে হয় না ওরা খুব ভালো করতে পারবে। গেইল-পোলার্ডকে নিয়ে তাই খুব বেশি দুশ্চিন্তা করছি না।’ তার পরও যদি বল হাতে মুখোমুখি হয়ে যান গেইলের, নাঈম প্রস্তুতই আছেন, ‘প্রত্যেক ব্যাটসম্যানের জন্যই আমাদের ভিন্ন ভিন্ন পরিকল্পনা আছে। গেইল যেমন সোজা ব্যাটে বেশি খেলে, সুইপ শট বলতে গেলে খেলেই না। আমি চেষ্টা করব ওকে লেগ-মিডল স্টাম্পে বল করতে।’ তবে পোলার্ডকে আউট করার দায়িত্বটা তিনি দিয়ে দিচ্ছেন সাকিব-রাজ্জাককেই, ‘একেকজন ব্যাটসম্যানের জন্য একেক বোলারের বল কাজে লাগবে। গেইলের জন্য আমার ওভারগুলো কার্যকর হবে আশা করি। অন্যদিকে গেইলের জন্য সাকিব-রাজ্জাকের বলটাই ভালো হবে।’কে জিতবে আজ? গেইল-পোলার্ডদের ওয়েস্ট ইন্ডিজ, নাকি শফিউল-নাঈমদের বাংলাদেশ!